২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ ঘোষণা ভারতে

ব্রিটিশ ঔপনিবেশিক যুগের আইন পুনর্বহাল করে সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

২০০৯ সালে দিল্লি হাইকোর্টের দেয়া বিতর্কিত রায় নাকচ করে পুনর্বহাল করা হয় ১৫৩ বছর আগের আইন। ২০০৯ সালের রায় সমকামীদের অধিকারের পক্ষে ছিল।

কিন্তু সুপ্রিম কোর্ট সে রায় নাকচ করে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি (আইপিসি)’র ৩৭৭ ধারায় সমকামিতাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করে। এ ধারা অনুযায়ী, সমকাম অস্বাভাবিক এবং প্রকৃতি বিরুদ্ধ হওয়ায় সমকামিদের ১০ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। এ আইনটি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার।

দণ্ডবিধির ৩৭৭ ধারায় পরিবর্তন আনার অধিকার একমাত্র পার্লামেন্টের রয়েছে- এ যুক্তিতে দিল্লি হাইকোর্টের রায় নাকচ করে বুধবার পুরোনো এ আইন পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের দুই বিচারকের বেঞ্চ।

সুপ্রিম কোর্টের কাছে কয়েকটি রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছে বিবিসি। কিন্তু এতে সমকামিদের অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলেই মনে করা হচ্ছে।

সমকামী অধিকারকর্মীরা সুপ্রিম কোর্টের বুধবারের এ রায়ে হতাশা প্রকাশ করেছে। তারা আদালতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানাবে বলেও জানায়।