টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব পোপ ফ্রান্সিস
টাইম ম্যাগাজিন এ বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করেছে পোপ ফ্রান্সিসকে।
পোপ নির্বাচিত হওয়ার ৯ মাসের মধ্যে রোমান ক্যাথলিক চার্চের গন্ডি থেকে প্রগতিশীলতার বার্তা ছড়িয়ে দিয়ে ভ্যাটিকান বিমুখ হয়ে পড়া অসংখ্য তরুণ-বৃদ্ধের মনোযোগ আকৃষ্ট করার কৃতিত্বের কারণে বুধবার বর্ষসেরা হিসাবে তার নাম ঘোষণা করে টাইম।
এ নিয়ে ম্যাগাজিনটি তৃতীয়বারের মতো একজন পোপকে বর্ষসেরা বক্তিত্ব নির্বাচন করল। এর আগে ১৯৯৪ সালে এ সম্মান পেয়েছিলেন পোপ দ্বিতীয় জন পল এবং ১৯৬৩ সালে পেয়েছিলেন পোপ ২৩ জন।
এ বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র আড়িপাতার গোপন তথ্য ফাঁসকারী সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এবং সমকামী অধিকারকর্মী এডিথ উইন্ডসরকে পেছনে ফেলে পোপ ফ্রান্সিসই বর্ষসেরা নির্বাচিত হলেন।
এছাড়া চূড়ান্ত পর্বে উঠে আসা আরো কয়েকজনকে টপকে গেছেন পোপ। এদের মধ্যে ছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস সিনেটর টেড ক্রুজ।
পোপ ষোড়শ বেনেডিক্ট অব্যাহতি নেয়ার পর গত মার্চে ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের নাগরিক জর্জ মারিও বেরগোলিও। পোপ নির্বাচিত হয়েই তিনি ফ্রান্সিস নাম ধারণ করে বিলাসবহুল জীবনের দিক থেকে মুখ ফিরিয়ে গরিবদের নিয়ে কাজ করায় মনোনিবেশ করেন।
তখন থেকেই তিনি বন্দিদের পা ধুয়ে দেয়ার মতো প্রথা ভেঙে একের পর এক কাজ করা এবং উদারনৈতিক নানা মন্তব্যের মধ্য দিয়ে প্রগিতিশীল মনের পরিচয় দিয়ে যাচ্ছেন। চার্চের ক্ষমতা বিকেন্দ্রীকরণসহ বেশ কয়েকটি সংস্কার পরিকল্পনার কথা এরই মধ্যে বলে মানুষের মনোযোগ কেড়েছেন তিনি।
