২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দরিদ্রবান্ধব গির্জা’ চান পোপ ফ্রান্সিস

গির্জা পরিচালনার ব্যয় কমিয়ে আনার পক্ষে মত দিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, দরিদ্রদের সেবা করা গির্জার উদ্দেশ্য হওয়া উচিত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Mar 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

গত বুধবার বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিকের ধর্মগুরুর দায়িত্ব নেন আর্জেন্টিনার কার্ডিনাল হোর্হে মারিও বেরগোলিও। পোপ নির্বাচিত হওয়ার পর ফ্রান্সিস নাম নেন তিনি।

শনিবার এক অনুষ্ঠানে ফ্রান্সিস নাম গ্রহণের কারণ ব্যাখ্যা করেন তিনি।

‘সহজ-সরল জীবনযাপন, দরিদ্রবান্ধব ও শান্তির’ প্রতীক হয়ে থাকা দ্বাদশ শতকের ধর্মপ্রচারক সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির নাম অনুসারে এই নাম নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “ফ্রান্সিস হলেন সেই ব্যক্তি যিনি আমাদের শান্তি প্রতিষ্ঠা ও দরিদ্রদের জন্য কাজ করার প্রেরণা যুগিয়েছেন।

“তার কাছ থেকেই আমি দরিদ্রবান্ধব ও বিলাসহীন গির্জার পক্ষে এসেছি।”

হোর্হে মারিও বেরগোলিও বলেন, তার পোপ নির্বাচিত হওয়ার ঘোষণা আসার পরপরই ব্রাজিলীয় এক সহকর্মী তাকে ফিসফিস করে বলেছিলেন ‘কখনো গরীব মানুষকে ভুলো না’। তার কথায় অনুপ্রাণিত হয়েই তিনি ফ্রান্সিস নাম নেন।

ইতালীয় যাজক সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসি বিপুল অর্থসম্পদ ফেলে দরিদ্রের জীবন বেছে নেন। নিজেকে নিবেদিত করেছিলেন দরিদ্র মানুষের জন্য।

দরিদ্রবান্ধব ও শান্তির বাণী প্রচার করা ছাড়াও অন্য প্রাণীদের প্রতি অপরিসীম ভালোবাসা ছিল সেন্ট ফ্রান্সিসের। এমনকি পাখিকেও ধর্মোপদেশ দিতেন তিনি।

হোর্হে বেরগোলিও হলেন সেই ব্যক্তি যিনি এক হাজার তিনশ’ বছরেরও বেশি সময় পরে ইউরোপের বাইরে থেকে রোমান ক্যাথলিকদের গুরু নির্বাচিত হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় এই সংস্থার নেতা নির্বাচিত হওয়ার পর থেকেই পূর্বসূরিদের চেয়ে ভিন্ন ধারায় চলার ইঙ্গিত দিয়ে চলেছেন তিনি।

পোপ নির্বাচিত হওয়ার রাতে তার জন্য নির্ধারিত বিলাসবহুল গাড়ি ফেলে অন্য কার্ডিনালদের সঙ্গে বাসে ভ্রমণ করেন। পরদিন যান গির্জা কর্তৃপক্ষ পরিচালিত হোটেলে, পোপ হওয়ার আগে যেখানে ছিলেন তিনি। সেখানে গিয়ে তাদের পাওনা পরিশোধ করেন।

এর আগে জনসমক্ষে প্রথম ভাষণে তিনি বলেছিলেন, ক্যাথলিকদের মনে রাখা উচিত যে, পোপ নয়, যিশু খ্রিস্টই গির্জার কেন্দ্রে।

রাজনীতি নয় ধর্মবিশ্বাসের ভিত্তিতে গির্জা পরিচালিত হওয়ার পক্ষে মত তুলে ধরেন তিনি।

অন্য যে কোনো প্রতিষ্ঠানের মতোই গির্জায় ‘পাপ ও পুণ্য’ রয়েছে মন্তব্য করে ‘সত্য, সুন্দর ও শুভ’র ওপর আলোকপাত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস।