চীনে ফলের বাজারে অগ্নিকাণ্ডে নিহত ১৬
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন প্রদেশে কৃষকদের একটি ফলের বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত এবং তিন জন আহত হয়েছে।
স্থানীয় অগ্নিনির্বাপক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শেনঝেনের গংমিং এলাকার রংজিয়ান ফার্মার্স বাজারে বুধবার প্রথম প্রহরে (স্থানীয় সময় ০১:৩০ মিনিটে) আগুন লাগে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে প্রায় এক হাজার স্কয়ার মিটার এলাকা জুড়ে।
২৯টি ফায়ার ইঞ্জিন নিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় ১৪৫ সদস্য দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সকালেও সেখানে উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, বুধবার সকালে বাজারটি বন্ধ ছিল। এছাড়া বাজারের কাছে প্রধান সড়কটিও উভয় দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
