২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নে অগ্রগতি

পরমাণু চুক্তি বাস্তবায়নে তেহরান ও বিশ্বের ছয় শক্তিধর দেশের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান কার্যালয়ে সোমবার থেকে দুই পক্ষ আলোচনা শুরু করে।

অস্ট্রিয়ার রাজধানীতে এই আলোচনায় ইরান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও আইএইএ এর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

মঙ্গলবারের আলোচনা শেষে ইরানের কূটনীতিকদের প্রধান হামিদ বাইদিনেজাদ সাংবাদিকদের বলেন, “আলোচনা খুব মসৃণ গতিতে চলছে।“

“চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সকল দিক বিবেচনায় নিয়ে আমরা নিজেদের মতামত পরষ্পরের কাছে তুলে ধরেছি। আর এটা খুবই ভালো একটা ব্যাপার। আমরা সবদিক বিবেচনা করে এমন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি যাতে উভয়পক্ষ লাভবান হবে।“

বুধবারও এই আলোচনা চলবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

পরমাণু প্রকল্পের বিষয়ে গত ২৪ নভেম্বর জেনেভা সম্মেলনে ইরান ও পশ্চিমা বিশ্ব একটি চু্ক্তিতে উপনীত হয়েছে। চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচী কিছুটা সংযত করতে রাজি হয়েছে যাতে তারা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারে। এটা তাদের তেলনির্ভর অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে।

গত এক দশক ধরে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও পশ্চিমা বিশ্বের মতবিরোধ চলছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের সুদীর্ঘ আলোচনার পর জেনেভা সম্মেলনে সমঝোতার পথে প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়।

তবে পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলা জেনেভা সম্মেলনে সমঝোতার ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা হয়নি।
চুক্তি বাস্তবায়নের আগে অবশ্যই আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করতে হবে বলে তারা মনে করেন।

পশ্চিমা কূটনীতিকরা বলেন, ইরান চুক্তির সবগুলো ধারা পূরণ করতে সক্ষম হলেই কেবল তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া শুরু হবে।

আইএইএ নিয়মিতভাবে ইরানের পরমাণু ক্ষেত্রগুলো পর্যবেক্ষণ এবং সেখানে কোনো পরমাণু অস্ত্র তৈরি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার চেষ্টা করে।
চুক্তি অনুযায়ী এখন আইএইএ ইরানে কীভাবে এবং কখন তাদের ভূমিকা বিস্তারিতভাবে পালন করতে পারবে সে বিষয়েও আলোচনা হচ্ছে।

জেনেভা চু্ক্তি অনুযায়ী ছয় মাসের জন্য ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত রাখবে। এই সময়ে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কূটনীতিকরা জানিয়েছেন, প্রযুক্তিগত বিষয়গুলোতে একটি সমঝোতায় পৌঁছানোর পর জানুয়ারি থেকে চুক্তি বাস্তবায়ন শুরু হতে পারে।