২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলা স্মরণে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ব নেতাদের সঙ্গে সমবেত হয়েছে নেলসন ম্যান্ডেলাপ্রেমী অসংখ্য মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে কিউবার রাউল ক্যাস্ত্রো পর্যন্ত শত্রু-মিত্র নির্বিশেষে সব বিশ্ব নেতা ম্যান্ডেলার এ স্মরণানুষ্ঠানে যোগ দিয়েছেন।

ওবামাসহ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাদের স্ত্রীরা প্রিটোরিয়ার ওয়াটারক্লুফ বিমানঘাঁটি থেকে স্টেডিয়ামে পৌঁছান। এ সময় প্রচন্ড বৃষ্টির মধ্যেও নেচে গেয়ে তাদের সঙ্গে যোগ দেয় হাজার হাজার দক্ষিণ আফ্রিকাবাসী।

যুক্তরাষ্ট্র এবং কিউবা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে একে অপরের শত্রু দেশ হওয়ার পর এ দু’দেশের নেতাকেই স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখতে বলা হয়।সেইসঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং ম্যান্ডেলার ৪ নাতি-নাতনিরও বক্তব্য রাখার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে মারা যান দক্ষিণ আফ্রিকার ‘জাতির পিতা’ নেলসন ম্যান্ডেলা। ১৫ ডিসেম্বর রোববার তাকে সমাহিত করা হবে। এর আগ পর্যন্ত ধারাবাহিকভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে তাকে বিদায় জানানোর পালা।

তার স্মরণে জোহানেসবার্গে আয়োজিত এ অনুষ্ঠানটিতে সম্প্রতি কয়েকবছরের মধ্যে বিশ্ববরেণ্য ব্যক্তিদের সবচেয়ে বড় সমাবেশ ঘটেছে। বৃষ্টির কারণে আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটায় অনুষ্ঠান এক ঘণ্টা দেরীতে শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

ম্যান্ডেলার মৃত্যুর পর থেকে কিছুটা আকস্মিকভাবেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ জোহানেসবার্গের আকাশ ছেয়ে থাকতে দেখা গেছে কালো মেঘে। আফ্রিকার প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এ মেঘ-বৃষ্টি হচ্ছে শ্রদ্ধেয় কোনো ব্যক্তির বিদায়লগ্ন এবং পরোলোকে তাকে পূর্বসূরীদের সাদরে বরণ করে নেয়ার লক্ষণ।

আর তাই বৃষ্টিভেজা এ আবহাওয়ার মধ্যেও স্টেডিয়ামের পরিবেশ দেখা গেছে প্রাণবন্ত। সাদা কালো সব মানুষই পতাকা উড়িয়ে, ‘ভুভুজেলা’ বাঁশী বাজিয়ে নেচে গেয়ে স্মরণ করেছে বর্ণবাদের বিরুদ্ধে ম্যান্ডেলার দীর্ঘ সংগ্রামের দিনগুলোকে। আরো একবার সবার মুখে মুখে ফিরছে তার প্রশংসাবাণী।

স্মরণানুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিচ্ছেন অনেক তারকাও।এদের মধ্যে রয়েছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মী ও ইংরেজ সঙ্গীতশিল্পী পিটার গাব্রিয়েল, আইরিশ সঙ্গীত শিল্পী পল ডেভিড হিউজন (বোনো) সহ অনেক অভিনেতা-অভিনেত্রী।

সমাহিত করার আগে প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ‘ইউনিয়ন বিল্ডিংয়ে’ তিন দিন রাখা হবে ম্যান্ডেলার মরদেহ। তারপর ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় শেষকৃত্যের মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের নিজ গ্রাম কুনুতে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

পুরনো খবর:

ম্যান্ডেলাকে বিদায় জানাতে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা