ম্যান্ডেলাকে বিদায় জানাতে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা
সাম্যের মহানায়ক নেলসন ম্যান্ডেলাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিদায় জানাতে দক্ষিণ আফ্রিকায় সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা।
অতীত বর্তমান মিলিয়ে ৪ মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের ৭০ টিরও বেশি দেশের নেতা, কংগ্রেসের বেশ কিছু সদস্য এবং বিশ্বব্যাপী তারকারাও মঙ্গলবার জোহানেসবার্গে সোয়েতোর এফএনবি সকার স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যান্ডেলার জাতীয় স্মরণানুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জিমি কার্টার, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ অনেকেই এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দেয়ার কথা জানিয়েছেন।
অন্যান্যদের মধ্যে আছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জার্মান প্রেসিডেন্ট জোচিম গ্যঁক, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো, ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার, স্পেনের যুবরাজ ক্রাউন প্রিন্স ফিলিপ, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ছাড়াও আরো অনেকে। তারকাদের মধ্যে স্মরণানুষ্ঠানে যোগ দিচ্ছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মী ও ইংরেজ সঙ্গীতশিল্পী পিটার গাব্রিয়েল, আইরিশ সঙ্গীত শিল্পী পল ডেভিড হিউজন (বোনো) সহ অনেক অভিনেতা-অভিনেত্রী।
সব মিলিয়ে ম্যান্ডেলার এ স্মরণানুষ্ঠানে ৮০ হাজারেরও বেশি মানুষ হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, বিশ্ব বরেণ্য ব্যক্তিদের অনুষ্ঠানে যোগ দেয়ার এ প্রস্তুতির মধ্যে সোমবার ম্যান্ডেলাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে দেশটির পার্লামেন্ট।
এর আগে রোববার সারা দেশে প্রার্থনা দিবস পালনের মধ্য দিয়ে ম্যান্ডেলাকে স্মরণ করা হয়। সোমবার পার্লামেন্টে বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে। আগামী ৮ দিনে আরো বেশ কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান।
সমাহিত করার আগে প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ‘ইউনিয়ন বিল্ডিংয়ে’ তিন দিন রাখা হবে ম্যান্ডেলার মরদেহ। তারপর ১৫ ডিসেম্বর রোববার রাষ্ট্রীয় শেষকৃত্যের মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের নিজ গ্রাম কুনুতে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
