দক্ষিণ আফ্রিকায় শোক-শ্রদ্ধায় ম্যান্ডেলাকে স্মরণ
সাম্যের মহানায়ক নেলসন ম্যান্ডেলাকে বিদায় জানানোর প্রস্তুতিতে শোক, শ্রদ্ধা, প্রার্থনা আর প্রশংসার মধ্য দিয়ে তাকে শেষবারের মতো স্মরণ করছে দক্ষিণ আফ্রিকা।
জাতির এই পিতা মারা গেছেন গত বৃহস্পতিবার রাতে। এরপর থেকেই শোকাচ্ছন্ন পুরো দেশ। তার জন্য শোক আর শ্রদ্ধাবনত পুরো জাতি।
কেউ চোখের পানি ফেলে, কেউ গান গেয়ে, কেউবা নেচে শোক জানাচ্ছে ম্যান্ডেলাকে। কেপটাউন, জোহানেসবার্গ, প্রিটোরিয়াসহ বিভিন্ন স্থানে মোমবাতি জ্বেলে তাকে স্মরণ করার পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ।
রোববার তার স্মরণে দেশজুড়ে পালিত হয়েছে প্রার্থনা দিবস।গির্জা, মসজিদ, মন্দির, প্যাগোডা ও সিনাগগসহ সব উপাসনাগারে তার জন্য বিশেষ প্রার্থনায় সমবেত হয় শোকাহত অগণিত মানুষ।
সাদা-কালোর তফাৎ ঘুঁচিয়ে সাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার প্রতীক হয়ে ওঠা এ মানুষটির জন্য করুণাময়ের কাছ আত্মার শান্তি কামনা করে তারা।
মহান এ মানুষের শিক্ষার আলোকে পথ চলা এবং দেশের ভবিষ্যৎ শান্তি সমৃদ্ধির জন্যও প্রার্থনা করেছে মানুষ। তার প্রশস্তি গেয়ে আরো একবার তার কীর্তিকে স্মরণ করেছে সবাই।
ম্যান্ডেলা যে মূল্যবোধ ধরে রেখেছিলেন তা যেন দক্ষিণ আফ্রিকাবাসী কখনো ভুলে না যায়। জোহান্সবার্গের ব্রায়ানস্টোন মেথোডিস্ট চার্চে সমবেতদের উদ্দেশ্যে এ আহ্বান জানান প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
তিনি ছিলেন ‘অন্ধকারের আলোকবর্তিকা’ বলেন, সোয়েতোর রেজিনা মুন্ডি ক্যাথলিক চার্চের পুরোহিত।
কেপ টাউনের আর্চবিশপ মযোন্ডেলার স্মরণে বলেন, বিশ্বে পরিবর্তন আনার ক্ষমতা যে মানুষের আছে ম্যান্ডেলাই সে শক্তির কথা বার বার আমাদের মনে করিয়ে দেবে।
ম্যান্ডেলার জন্য এ প্রার্থনা দিবসের মধ্য দিয়ে শুরু হল তাকে শোক এবং শ্রদ্ধায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি।
মঙ্গলবার জোহানেসবার্গের স্টেডিয়ামে ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে। ১৫ ডিসেম্বর তাকে সমাহিত করা হবে তার জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে।
বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিশিষ্ট ব্যক্তিরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় শোক ও স্মরণানুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার ম্যান্ডেলার মরদেহ রাখা হবে রাজধানী প্রিটোরিয়ার সিটি হলে।প্রতিদিন সকালে মর্গ থেকে তাঁর মরদেহ নেওয়া হবে সেখানে। এ সময় রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে মানুষ।
