২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিগ্রহের যে জীবন থেকে মুক্তি ম্যান্ডেলার পরশে

এলেন মোশিউ ১৯৯০ সালের নভেম্বরের একদিন যেতে চেয়েছিলেন গির্জায়। পিছন থেকে তাকে গুলি করে এক পুলিশ কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:32 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

সাম্যের লড়াইয়ে মহানায়ক
নেলসন ম্যান্ডেলার জীবনাবসান

১৯৮৬ সালের ঘটনা; দক্ষিণ আফ্রিকা সরকার সম্প্রতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন ডেভিড মাবেকা। ঘরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।

এক কৃষ্ণাঙ্গ তরুণ নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে তোলা হয় পুলিশ ভ্যানে। পরে কারাগারে হয় তার স্থান, যদিও শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার কাছে বৈধ পরিচয়পত্র তুলে ধরেছিলেন তিনি। কিন্তু পুলিশ কর্মকর্তা তার ওই ‘পাস’ পদদলিত করে তাকে জেলে পোরেন।

থাবো মুরসিকে ‘বেশ কয়েকবার আটক ও নির্যাতন করা হয়’, সোসিলি ডাউজ নিহত হন পুলিশের গুলিতে।

পরিবারগুলো বিচ্ছিন্ন। চাপের মুখে গোত্রগুলো পাল্টাতে থাকে তাদের বাসস্থান।

বর্ণবৈষম্যের চিত্র ছিল এরকমই।

যুগ যুগ ধরে যেসব দক্ষিণ আফ্রিকান বর্ণবৈষম্যের শিকার হয়েছেন, অবমাননাকর জীবনে বাধ্য হয়েছেন, বাধ্য হয়েছেন ভিটেমাটি ছেড়ে অন্যত্র যেতে এবং শিকার হয়েছেন শাসক শ্রেণির বৈষম্যমূলক আচরণের তাদের কাছে বর্ণবৈষম্যের সমাপ্তি ছিল নতুন বিশ্বের সূচনা। শোষিত-বঞ্চিত কালো মানুষের জন্য সেই নতুন বিশ্ব এনে দেয়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা।

বর্ণবৈষম্যের ইতিহাস

ইউরোপীয় শ্বেতাঙ্গরা দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা শাসন করে এলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মূলত বর্ণবৈষম্য রাষ্ট্রীয় চেহারা নেয়।

যুদ্ধ পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার শহরগুলোতে ব্যাপক সংখ্যায় কৃষ্ণাঙ্গরা আসতে থাকে। এ সময় কঠোরভাবে কৃষ্ণাঙ্গদের নিয়ন্ত্রণের ডাক দিয়ে ক্ষমতায় আসে আফ্রিকানারস নামে পরিচিত ইউরোপীয় সেটেলারদের নেতৃত্বাধীন দল ন্যাশনাল পার্টি।

১৯৪৯ থেকে ১৯৫৩ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা সরকার ধারাবাহিকভাবে অনেকগুলো দমনমূলক আইন পাস করে। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের বিয়ে নিষিদ্ধের মধ্য দিয়ে নতুন আইন প্রণয়ন শুরু হয়ে শেষ হয় বর্ণভেদে জনগোষ্ঠীকে আলাদা করার মধ্য দিয়ে।

সরকারি সব ভালো ভালো স্থাপনা শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়। আর কৃষ্ণাঙ্গদের জন্য করা হয় পৃথক ও অধিকতর দুর্বল ব্যবস্থা এবং শিক্ষা থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই এই বৈষম্য চালু করা হয়।

গ্রুপ এরিয়াজ অ্যাক্ট নামে একটি আইনে কৃষ্ণাঙ্গ, ইন্ডিয়ান, এশিয়ান ও মিশ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাসের জন্য পৃথক এলাকা নির্দিষ্ট করে দেয়া হয়। কখনো কখনো এর ফলে বিচ্ছিন্ন হয় অনেক পরিবার।

কৃষ্ণাঙ্গদের ঠাঁই হয় অনুর্বর এলাকায় বা শহরতলিতে, যেখানে গিয়ে পড়ে শিল্প কারখানার বর্জ্য। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা পায় সবচেয়ে উর্বর এলাকা ও পছন্দের শহর।

কৃষ্ণাঙ্গদের চলাচল ও কাজের অনুমতির জন্য চালু করা হয় ‘পাস’ বা পরিচয়পত্রের ব্যবহার।

এ পরিস্থিতি পেরিয়ে আসা গাদিজা জ্যাকোব বলেন, “ওহ, গ্রুপ এরিয়াজ অ্যাক্টের কথা বলো না। আমি আবার কেঁদে ফেলবো। তখন থেকেই সমস্যার শুরু। যখন তারা আমাদের কেপ টাউন থেকে বের করে দিলো আমার পুরো জীবন বদলে গেল। তারা আমাদের কাছ থেকে একবার যা নিয়েছে তা আর কখনো ফিরিয়ে দেয়নি।”

জোহানেসবার্গের অ্যাপারথিয়েড যাদুঘর থেকে জ্যাকোবের ওই বক্তব্য পাওয়া যায়।

বর্ণভেদে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তৈরি করা হয় বৈষম্য। কালোদের ব্যবহারের জন্য নির্দিষ্ট করে দেয়া হয় সমুদ্র সৈকত। তাদের জন্য বিশ্রামাগারও করে দেয়া হয় ভিন্ন।

কৃষ্ণাঙ্গদের চাকরিও হতো নিম্ন আয়ের। তাদের সন্তানদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয় স্বল্প ব্যয়ের শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিরোধ

উনিশ শতকের পঞ্চাশের দশকে শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে খাকে। মাঝে মাঝে তা রূপ নেয় সহিংস বিক্ষোভে।

১৯৫২ সালে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আকার নেয়। সরকার গ্রেপ্তার করতে থাকলে এক সময় কারাগার ভরে যাবে এবং তা বিশ্ববাসীর নজরে এলে অবস্থার পরিবর্তন হবে-এই আশা করে রাস্তায় নেমে আসে হাজার হাজার আফ্রিকান।

ওই আন্দোলনে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। আহত হন অনেকে। এক পর্যায়ে পিছু হটে আন্দোলনে নেতৃত্বাদানকারী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।

১৯৬০ সালে শার্পেভিলে থানার সামনে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি সহিংসতায় ৬৯ জন নিহত হওয়ার পর সরকারবিরোধী মনোভাব আবার তীব্র হয়।

ওই হত্যাকাণ্ডের পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সশস্ত্র সংগ্রামের ডাক দেয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসসহ অন্যান্য গোষ্ঠীগুলো।

এরপর প্রায় তিন দশক ধরে চলে আন্দোলন।

অবশেষে জনগণের দাবির মুখে ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি দেয়া হয় সরকারবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে।

২৭ বছর কারাজীবন কাটিয়ে জনগণের মাঝে ফিরে আসার চার বছরের মাথায় সব ধর্ম-বর্ণের মানুষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর বর্ণবৈষম্যের শৃঙ্খলমুক্ত হয়ে নতুন জগতের সন্ধান পায় দক্ষিণ আফ্রিকার কালো মানুষ।

[সিএনএন অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন আজিজ হাসান]