২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে ক্ষমতায় আসছে বিজেপি’

দিল্লি আজকে যাকে ভোট দেয়, আগামীকাল পুরো ভারত তাকে ভোট দেয়- জনপ্রিয় এই ‘ধারণা’ কংগ্রেস দলীয় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রাজ্যনির্বাচনে কংগ্রেসের ভরাডুবি মনমোহনের ঘুম হারাম করে দিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 03:01 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

রোববারের নির্বাচনে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি রাজস্থানে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজধানী দিল্লিতে জয় পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি। দিল্লিতে বিজেপি থেকে মাত্র চারটি আসন কম পাওয়া দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আম আদমি পার্টির ফলাফল সবাইকে চমকে দিয়েছে।

নির্বাচনের এই রায়ে দিল্লির কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতারা। একারণে আসছে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গেছে বলে মনে করছেন তারা।

বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, “জাতীয় পরিষদে এই রাজ্যগুলোর ৭২টি আসন আছে। এগুলোর খুব অল্পতেই কংগ্রেস জিতেছে। গাণিতিকভাবে হিসাব করলে, বিজেপি এগুলোর প্রায় ৬৫ ভাগেই জয় পেয়েছে।”

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী করাতেই ৭০ শতাংশ নাগরিক বিজেপিকে ভোট দিয়েছে বলে মনে করছে দলটি।

দলটির প্রধান রাজনাথ সিং বলেছেন, “নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করাতেই আমরা বিরাট সুবিধা পেয়েছি, এটি কেউ অস্বীকার করতে পারবে না।”

এর বিপরীতে রোববার কংগ্রেস দলীয় সভাপতি সোনিয়া গান্ধি বলেছেন, “রাজ্য নির্বাচন আর জাতীয় নির্বাচন আলাদা বিষয়।”