২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দুধে ভেজালের জন্য যাবজ্জীবনের সুপারিশ

ভারতের সুপ্রিম কোর্ট ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রচলিত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

মানব শরীরের জন্য ভেজাল দুধ খুবই ভয়ঙ্কর এবং এটা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ বলে দেশটির সর্বোচ্চ আদালত উল্লেখ করে বলে এনডিটিভি জানিয়েছে।

আদালতের বিচারক কেএস রাধাকৃষ্ণণ ও বিচারক একে সিকরি গঠিত বেঞ্চ এক পর্যবেক্ষণের পর জানান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ভেজাল দুধ উৎপাদন ও বিক্রি হয়। শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কৃত্রিম উপাদান ব্যবহার করে ওই ভেজাল দুধ তৈরি করা হয়।

আদালতের পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে, খাদ্যের নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ আইনের অধীনে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের সর্বোচ্চ শাস্তি মাত্র ছয়মাসের কারাদণ্ড, যা এ ধরণের অপরাধের ক্ষেত্রে একেবারেই অপর্যাপ্ত।

তাই মানবশরীরের জন্য ক্ষতিকর এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারকে কড়া আইন করার কথা বলা হয়েছে।

একটি সরকারি মামলার শুনানিতে আদালত বলেন, ২০১১ সালে খাদ্য নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সংগ্রহ করা নমুনায় পুরো ভারতজুড়ে বিশাল মাত্রায় ভেজাল দুধ বিক্রি করার ভয়ঙ্করচিত্র বেরিয়ে এসেছে।