২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ট্রেনের সঙ্গে একটি তরল গ্যাসবাহী লরির সংঘর্ষে ট্রেনের একটি অংশ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও অজ্ঞাত সংখ্যক মানুষ আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিটে দক্ষিণ জাকার্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনা কবলিত ট্রেনটির পরিচালনা প্রতিষ্ঠান পিটি কেএআই জানিয়েছে, সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন।

ছবিতে দেখা গেছে, সংঘর্ষের এলাকা থেকে প্রচুর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

পুলিশ জানিয়েছে, ট্রেনের একটি বগি থেকে অন্তত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামব্যাং বলেছেন, “দুর্ঘটনার শিকারদের মধ্যে চালক ছাড়া আর কারো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি।”

লরিটি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পের্তামিনার বলে প্রকাশিত সংবাদসূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির সামনের দিকের প্রথম দুটি বগিতে আগুন ধরে যাওয়ার পর বিস্ফোরণ ঘটে।

ট্রেনটিতে অনেক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক পান্ডু জাতি। দুর্ঘটনার সময় তিনিও ট্রেনটির একটি বগিতে ছিলেন। তারা বগির দরজা ও জানালা ভেঙে বেরিয়ে আসেন বলে জানিয়েছেন।