আরাক পরমাণু স্থাপনা পরিদর্শন করেছে ‘আইএইএ’
ইরানের আরাক ভারি পানির পরমাণু স্থাপনা পরিদর্শন করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র প্রতিনিধি দল।
দুই বছরেরও বেশি সময় পর এই প্রথম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’কে আরাক ভারি পানির পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দিল ইরান।
আইএইএ’র দুইজন পরিদর্শক শনিবার তেহরানে পৌঁছে ইরানের আণবিক শক্তি সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন। এরপর সন্ধ্যায় আরাক পরমাণু স্থাপনায় যান তারা। ইরানের আইএসএনএ বার্তা সংস্থা একথা জানিয়েছে।
ইরানের ভারি পানির প্রকল্প পশ্চিমাদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে আছে। কারণ এ থেকে পরমাণু বোমা বানানো যেতে পারে। তবে ইরান এমন আশঙ্কা নাকচ করে বলে আসছে তাদের এ প্রকল্প শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি পরিদর্শন রোববার বিকালেই শেষ হওয়ার কথা জানান।পরিদর্শন শেষে এদিন রাতেই আইএইএ’র প্রতিনিধিদলের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে বলে জানান তিনি।
আইএইএ এবং ইরানের মধ্যকার একটি চুক্তির অংশ হিসাবে আরাক স্থাপনায় এ পরিদর্শন হল।এরপর জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা চুক্তি বাস্তবায়নের জন্য ৯-১০ ডিসেম্বরে আবার নতুন করে আলোচনা শুরু হবে দুপক্ষে।
