সুদানে ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আলি তাহা পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ওমর আল-বশির শনিবার তাহা’র পদত্যাগ ঘোষণা করেন।
মন্ত্রিসভায় রদবদলের প্রথম পদক্ষেপ এটি। রোববার প্রথম প্রহরে আরো কিছু রদবদলের ঘোষণা দেয়া হয়।
তাহার পদত্যাগ সম্পর্কে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট বশিরের উদ্ধৃতি দিয়ে শনিবার বলা হয়, “আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মূলত তরুণদের জায়গা দিতে (তিনি)পদত্যাগ করেছেন।”
তাহা’র স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল বাকরি হাসান সালেহ।
২০০৫ সালে সুদানের সমন্বিত শান্তি চুক্তির প্রধান আলোচক ছিলেন তাহা। ওই চুক্তির ফলে সুদানে গৃহযুদ্ধের অবসান হয়।
শনিবার ক্ষমতাসীন ‘ন্যাশনাল কংগ্রেস পার্টি’র নেতাদের সঙ্গে এক বৈঠকে বশির মন্ত্রিসভায় রদবদলে অনুমোদন দেন।
সেখানে ক্ষমতাসীন দলের তরুণ নেতাদের মধ্য থেকে অন্তত পাঁচজন মন্ত্রী করা হয়।মধ্যরাতের এক ঘন্টা পর একজন কর্মকর্তা দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এবং সংসদ প্রধানের নাম ঘোষণা করে।এছাড়া, প্রেসিডেন্টের সহকারিসহ আরো কয়েকটি পদে রদবদল করা হয়।
নভেম্বরে তাহা নিজেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। মূলত তেলের দাম রাতারাতি বেড়ে যাওয়ায় সুদানে গত কয়েক বছরের মধ্যে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের শান্ত করতেই সরকার তাড়াহুড়া করে মন্ত্রিসভায় এ রদবদল করেছে।
