বিধান সভা: বিজেপি এগিয়ে, নতুন চমক এএপি
ভোটের মাঠে নেমেই চমক দেখিয়েছে ভারতীয় রাজনীতির নতুন দল- আম আদমি পার্টি (এএপি)
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শ্লোগান নিয়ে মাঠে নামা অরিবিন্দ কেজরিওয়াল ও যোগেন্দ্র যাদব নেতৃত্বাধীন এ দলটি চলমান বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০ আসনের মধ্যে ২৪টিতে এগিয়ে রয়েছে।
চতুর্থবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামা শীলা দিক্ষিতের আসনেই লড়ছেন এএপি নেতা কেজরিওয়াল। এখানেও তিনি এগিয়ে।
ভারতীয় জনতা পার্টি দিল্লির ৩২টি আসনে এগিয়ে থাকলেও রাজ্যে সরকার গঠনের জন্য তাদের দরকার ৩৫টি আসন।
আর কেন্দ্রের সরকারে থাকা কংগ্রেস এ রাজ্যে বড় ধরনের ভরাডুবির দিকে যাচ্ছে। রাজধানীর পাশাপাশি বড় দুই রাজ্য- রাজস্থান ও মধ্য প্রদেশও হাতছাড়া হতে যাচ্ছে ক্ষমতাসীনদের। দিল্লিতে মাত্র ১১টি আসনে এগিয়ে রয়েছে সোনিয়া গান্ধীর দল কংগ্রেস।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুনির্দষ্ট কোনো এজেন্ডা ছাড়াই নির্বাচনী লড়াইয়ে নামা এএপি এতোটা ভাল করবে- তা বিজেপি নেতাদের ধারনার বাইরে ছিল।
অবশ্য এএপি নেতা যোগেন্দ্র যাদব বলেন, “দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানই এএপিকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
“কে মুখ্যমন্ত্রী হবেন- সেটা নিয়ে আমরা চিন্তিত নই। বরং জনগণকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েই আমরা চিন্তিত।”
ভারতীয় রাজনীতির মাঠে ‘শিশু’ এএপির এই উত্থানের বিষয়ে বিজিপিও সতর্ক।দলটি যে এ যাত্রায় নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে সেটাও স্বীকার করেছেন বিজেপি নেতা নির্মলা সীতারামন।
তবে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এএপি এই সাফল্য ধরে রাখতে পারবে কিনা- তা নিয়ে নির্মলা সন্দিহান।
এর আগে গতকালই এএপি নেতারা সাংবাদিকদের বলেন, তাদের দলের কয়েকজনকে দলে টানার চেষ্টায় আছে বিজেপি।
এ প্রসঙ্গে বিজেপি নেত্রী নির্মলা এনডিটিভিকে বলেন, “এএপিতে ভাঙন ধরানো বা তাদের কোনো প্রার্থীকে দলে টানার ইচ্ছে আমাদের নেই ”।
মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। ২৩০ আসনের এ রাজ্যে বিজেপি প্রার্থীরা ১৪৫ আসনে এগিয়ে। বিপরীতে কংগ্রেসের আধিপত্য ৬০ আসনে।
কংগ্রেসের দখলে থাকা রাজস্থানে বিজেপিকে আবার ক্ষমতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ সিন্ধিয়া। রাজ্যের ১৯৯ আসনের মধ্যে বিজেপি ১৩৬ ও কংগ্রেস ৩০ আসনে এগিয়ে।
সিন্ধিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জয়ের পথে আছি। এজন্য আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করেছে।”
