২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার শবযাত্রা ৩ দিন প্রিটোরিয়ায়

নেলসন ম্যান্ডেলাকে সমাহিত করার আগে তার শবদেহ নিয়ে তিন দিন পদযাত্রা করবে দক্ষিণ আফ্রিকার জনগণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2013, 08:34 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

শনিবার দেশটির সরকার জানিয়েছে, আগামী রোববার সমাহিত করার আগে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকালে মর্গ থেকে ম্যান্ডেলার মৃতদেহ নিয়ে শোক মিছিল সহকারে প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার সড়ক প্রদক্ষিণ করা হবে।

প্রতিদিন শবযাত্রা শেষে তার মরদেহ রাখা হবে ইউনিয়ন ভবনে, যেখানে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে তার কফিন।

ওই শবযাত্রায় অংশ নেয়ার জন্য শোকার্ত জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে।

অবশ্য এ সময় দক্ষিণ আফ্রিকাজুড়ে চলবে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা আনুষ্ঠানিকতা।

জোহানেসবার্গের হাংটনের যে বাড়িতে ম্যান্ডেলার মৃত্যু হয়েছে তার সামনে সমবেত হয়ে শোক প্রকাশ করছেন শত শত মানুষ। তার স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো হচ্ছে হাজার হাজার মোমবাতি। বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো হচ্ছে হাজারো ফুলের তোড়ায়।

ম্যান্ডেলার শেষকৃত্য ১৫ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় অন্তরীপে ম্যান্ডেলার পৈত্রিক বাড়িতে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর জোহানেসবার্গের সিটি ফুটবল স্টেডিয়ামে প্রবাদপ্রতীম এই নেতার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এরপর তিন দিন হবে ওই শবযাত্রা।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার মৃত্যু হয়।

দীর্ঘ রোগ ভোগের পর ওই দিন রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গে নিজ পরিবারের সদস্যদের মাঝে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা।