২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চীনে ব্যর্থ হতে পারে বাইডেনের মিশন’

পূর্ব চীন সাগর নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমণে ওই অঞ্চলের বিবদমান দেশগুলো সফরত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চীন মিশন ব্যর্থ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চীনের সরকারি মুখপত্র চায়না ডেইলি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার দেশটিতে বাইডেনের সফরের প্রাক্কালে প্রকাশিত এক সম্পাদকীয়তে এ ইঙ্গিত দেয়া হয়েছে।

চীনা ডেইলির সম্পাদকীয়তে বলা হয়েছে, “সফরে বাইডেন ভুলে ভরা একপাক্ষিক মন্তব্য পুনরাবৃত্তির পরিকল্পনা করে থাকলে খুব বেশি সাফল্যের আশা যেন না করেন।”

“এই অঞ্চলের উত্তেজনা প্রশমণে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে, তাকে টোকিওর বিপজ্জনক উদ্ধত আচরণের প্রতি পক্ষপাত বন্ধ করতে হবে। জাপানের সম্প্রসারণবাদী ও উস্কানিমূলক আচরণ অব্যাহত রাখতে দেশটির যুদ্ধংদেহী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে মদদ দেয়া বন্ধ করতে হবে।”

চীনে দিয়াইয়ু ও জাপানে সেনকাকু নামে পরিচিত পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। এরই মধ্যে ২৩ নভেম্বর ওই দ্বীপগুলোর আকাশসীমাসহ পূর্ব চীন সাগরের একটি বিশাল এলাকাকে নিজেদের ‘আকাশ প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চল’ বলে ঘোষণা করেছে চীন।

এই অঞ্চলে প্রবেশকারী যে কোনো বিমানকে, তা বাণিজ্যিক বা সামরিক যাই হোক না কেন, চীনা কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিচয় প্রকাশ করতে, গন্তব্যে যেতে আকাশপথ ব্যবহারের আগাম পরিকল্পনা পেশ করতে ও সার্বক্ষণিক দ্বিপাক্ষিক রেডিও যোগাযোগ রক্ষা করে চলতে নির্দেশ দিয়েছে চীনা সেনাবাহিনী।

চীনের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া ঘোষণাটি মানবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের সঙ্গে সুর মিলিয়ে প্রশান্ত মহাসাগরের অপর পাড়ের দেশ যুক্তরাষ্ট্রও চীনা ঘোষণার সমালোচনা করে এটি না মানার ঘোষণা দিয়েছে।

পরে চীনকে আগাম কিছু না জানিয়ে ওই এলাকায় যুক্তরাষ্ট্রে দুটি বি-৫২ বোমারু বিমান টহল দিয়ে আসে। এরপর জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানও ওই এলাকা ঘুরে এসে চীনা ঘোষণাকে সরাসির চ্যালেঞ্জ করে।

তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না নিলেও পরবর্তী সময়ে চীনা জঙ্গি বিমানগুলো ঘোষিত এলাকায় ব্যাপক টহল জোরদার করে।

এই স্নায়ুক্ষয়ী উত্তেজনা প্রশমণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বাইডেন বিবদমান দেশ দু’টি সফরে আসেন। মঙ্গলবার তিনি জাপানের রাজধানী টোকিও সফরে চীনা ঘোষণার সমালোচনা করে কথা বলেন।

বুধবার বাইডেনের চীনের রাজধানী বেইজিং যাওয়ার কথা। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিয়াংপিং ও ভাইস প্রেসিডেন্ট লি ওয়ানচাওয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

কিন্তু টোকিওতে বাইডেনের কথার সুরে ক্ষুব্ধ চীনা কর্তৃপক্ষকে বাইডেন কতোটা প্রভাবিত করতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।