ইউক্রেনে সরকারি কার্যালয় অবরুদ্ধ
ইউক্রেনে বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভে মূল সরকারি ভবনসহ বিভিন্ন সরকারি কার্যালয় অবরোধ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সহযোগিতা চুক্তি সই করতে সরকারের অস্বীকৃতির প্রতিবাদে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন ঘটাতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভকারীরা সোমবার সরকারি ভবনগুলো ঘিরে ফেলে।
শনি ও রোববার পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ এবং নিষেধাজ্ঞার মধ্যেও ৩ লাখ ৫০ হাজার মানুষের বিশাল বিক্ষোভমিছিল হয়েছে।
ইইউ এর সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সই করতে সরকারের অস্বীকৃতি জানানোর প্রতিবাদে ইউক্রেনে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে তা ক্রমেই তীব্র হচ্ছে।
ইইউ’র সঙ্গে চুক্তি সই করতে অস্বীকৃতি জানানোর কারণে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা। কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোরও মুক্তি দাবি করছে তারা।
ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভকারীরা রোববার রাতভর ইন্ডিপেনডেন্ট স্কয়ারে তাঁবু খাটিয়ে অবস্থান করে। মন্ত্রিসভার সদরদপ্তরগুলোও তারা অবরুদ্ধ করে দেয়।
সরকারি ভবনগুলোতে যাওয়ার প্রধান রাস্তা আবর্জনা ফেলার ঝুড়ি, ধাতব কন্টেইনার এমনকি ফুলের টব দিয়ে বন্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা।
প্রধানমন্ত্রী মিকোলা আজারোভ এর একজন মুখপাত্র বলেন, “কর্মীরা ভবনের ভেতরে যেতে পারছে না। কর্মীদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়ার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।“ আজারোভ নিজেও কাজে যেতে পারেননি বলেও জানান ওই মুখপাত্র।
একজন সরকারি কর্মচারি রয়টার্সকে বলেন, “আমাদের বাড়ি ফিরে যেতে এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হয়েছে। মোট কথা আমরা কাজে যেতে পারছি না। সব পথ অবরোধ করে রাখা হয়েছে”।
সোমবারও ইন্ডিপেনডেন্স স্কয়ার অভিমুখে মিছিল করে মানুষ। এরপরই বিক্ষোভকারীরা সরকারি ভবন ঘিরে ফেলার চেষ্টা নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ এর সঙ্গে চুক্তি সই করার প্রস্তুতি বন্ধ করার পর বিক্ষোভ শুরু হয় ইউক্রেনে।
কিন্তু প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বলছেন, রাশিয়ার চাপের কারণে সরকার ইইউ’র সঙ্গে সহযোগিতা চুক্তি সই করতে পারছে না।
চুক্তিটি হলে ইউক্রেনে পন্য পরিবহনের জন্য সীমান্ত উন্মুক্ত হওয়াসহ ভ্রমণের ওপর কড়াকড়িও শিথিল হওয়ার পট প্রস্তুত হতে পারে।
কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছেড়ে দিয়ে ইউক্রেন ইইউ’র সঙ্গে যোগ দিতে অপারগ বলে জানিয়েছেন ইয়ানুকোভিচ।
