২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পাচ্ছেন আসাদ : সিরীয় প্রধানমন্ত্রী

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জিততে যাচ্ছে এবং শত্রুদের একজন যোদ্ধাও বেচে থাকতে তারা থামবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ওয়ায়েল হালকি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Dec 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

ইরান সফররত হালকি শনিবার এসব কথা বলেন।

সিরিয়ায় প্রায় তিন বছর ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের জন্য পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরে দাড়াতে বলেছিলো জানিয়ে তিনি বলেন , “এ ব্যাপারে বাশার অনমনীয় মনোভাব দেখিয়েছেন। হুমকি ও ভীতিপ্রদর্শনের যুগ শেষ হয়ে গেছে, এটা আর কখনো ফিরে আসবে না। সিরিয়ার মাটিতে জয় ও সম্মানের যুগ শুরু হয়েছে।”

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জাতিসংঘের উদ্যেগে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগীতায় ২২ জানুয়ারি জেনেভা- ২ সম্মেলন শুরু হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, শান্তি আলোচনার জন্য সিরিয়ার সরকারি এবং বিরোধী উভয় দলই এই সম্মেলনে যোগ দেয়ার কথা জানিয়েছে। তবে যুদ্ধ ক্ষেত্রে বিদ্রোহী যোদ্ধারা এই আলোচনা বয়কট করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএএনএ জানায়, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসাক জাহাঙ্গিরির সঙ্গে সাক্ষাতের সময় হালকি বলেন, “সিরিয়া সরকার ওই অঞ্চলে একজন সন্ত্রাসীকেও থাকতে দেবে না।”

জবাবে জাহাঙ্গিরি বলেন, “ইরানও সিরিয়ার সঙ্গে একই পক্ষে। শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সকল পর্যায়ে ইরান সিরিয়াকে সমর্থন করবে।”

যুদ্ধে আসাদ বাহিনীকে সাহায্য করার জন্য ইরান সিরিয়ায় সৈন্য পাঠিয়েছে। সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ বাহিনী এবং ইরাকের শিয়া যোদ্ধারাও আসাদের পক্ষে যুদ্ধ করছে।