পানশালায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮
স্কটল্যান্ডে গ্লাসগো শহরের একটি জনাকির্ণ পানশালার ছাদের ওপর পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৪ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে গ্লাসগোর ক্লাইদি নদী তীরের ক্লুথা পানশালায় একটি গানের অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে একটি পাথরের মতো পানাশালাটির ছাদের ওপর নেমে আসে হেলিকপ্টারটি।
হেলিকপ্টারটিতে দুজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরোহী ছিলেন ও পানশালাটিতে প্রায় ১২০ জনের মতো মানুষ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
হেলিকপ্টারের তিন আরোহীর সবাই এবং পানাশালাটির ক্রেতাদের মধ্যে পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছেন স্কটল্যান্ড পুলিশের প্রধান কনেস্টেবল স্টিফেন হাউস।
পানশালাটির ক্রেতাদের মৃতদেহ বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরো ১৪ জনের অাঘাতও গুরুতর বলে জানিয়েছেন তিনি।
ইউরোকপ্টারের ইসি১৩৫ টি২ মডেলের ৪০ ফুট লম্বা হেলিকপ্টারটি চক্কর খেতে খেতে পানশালাটির ছাদের ওপর এসে পড়ে, এতে ছাদের একটি অংশ বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সময় পানশালাটিতে থাকা গ্রেস ম্যাকলিয়েন বিবিসিকে বলেন, “তখন অনেক মানুষ ছিল। আমরা খুব আনন্দ করছিলাম। এ সময় হুঁশ ধরনের একটি শব্দ পেলাম।”
“কোনো বিকট শব্দ না, কোনো বিস্ফোরণও না। তখন ধোঁয়া ধোঁয়া মনে হলো আর আমরা কৌতুক করে বলতে লাগলাম, ব্যান্ডদলের গানে সম্ভবত পানশালার ছাদ ধসে পড়েছে।”
“তখন দেখলাম সত্যি সত্যি ছাদটি ধসে পড়ছে আর কেউ একজন চিৎকার শুরু করলো। তারপর পুরো পানশালা ধূলায় ভরে গেল আর তখন আপনি কিছু দেখতেও পাচ্ছেন না, নিঃশ্বাসও নিতে পাচ্ছেন না, এই অবস্থা,” বলেন তিনি।
শনিবার সারাদিন ধরে উদ্ধার কাজ চলার সময়ও বিধ্বস্ত হেলিকপ্টারটির অবশেষ পানশালাটির ছাদের সঙ্গে আটকে ছিল।
কনস্টেবল হাউস জানিয়েছেন, হেলিকপ্টারটির অবশেষ না সরানো পর্যন্ত ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না।
যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির এক পার্লামেন্ট সদস্য দৃশ্যটিকে “ভয়ানক” বলে উল্লেখ করেছেন। ঘটনার সময় আশপাশে উপস্থিত লোকজনের প্রশংসা করেছেন তিনি। ওই সময় তিনি পাশের রাস্তা ধরে যাচ্ছিলেন।
কারণ উপস্থিত লোকজন হাতে হাত ধরে দুর্ঘটনাস্থলের চারপাশে একটি মানববন্ধন রচনা করে জায়গাটি ঘিরে রেখেছিল, এতে উদ্ধারকর্মীদের পক্ষে সহজে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার করতে সুবিধা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুর্ঘটনায় সম্ভব্য হতাহতের কারণে যে সব পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের উদ্বেগের প্রতি একাত্মতা জানিয়েছেন।
