২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাম্বিকের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ

মোজাম্বিকের বিমান পরিবহন কোম্পানি এলএএম এর একটি বিমান ২৮ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়ে গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বিমানের একজন কর্মকর্তা জানান, মোজাম্বিকের রাজধানী ম্যাপুটো থেকে স্থানীয় সময় ১১টা ২৬ মিনিটে (জিএমটি ০৯:২৬) ছেড়ে যাওয়া বিমানটির জিএমটি ১৪:১০ মিনিটে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় পৌঁছানোর কথা ছিলো।

উত্তর নামিবিয়ার ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ হয় বলে বিবিসি জানিয়েছে।

ধারণা করা হচ্ছে অ্যাঙ্গোলা ও বতসোয়ানা সীমান্তের কাছে উত্তর নামিবিয়ার রানডো এলাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, “এলএএম এয়ারলাইন্স, বৈমানিক ও বিমানবন্দর কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করার জন্য যোগাযোগের চেষ্টা করছে।“

বিমানটির যাত্রীরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নামিবিয়ার কাভাংগো পশ্চিম অঞ্চলের পুলিশ কমান্ডার ওলাভি আয়ুয়ানগা এএফপিকে বলেন, যেখানে প্লেনের শব্দ সর্বশেষ শোনা গেছে সেখানে খোঁজ চলছে।

ওই অঞ্চলে জনবসতি খুব কম এবং জলাভূমি ও ঘন জঙ্গলে আচ্ছাদিত বলে জানান তিনি।