২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের মিউজিক ভিডিওয় রুহানি

প্রেসিডেন্ট হাসান রুহানিকে নিয়ে একটি অনলাইন মিউজিক ভিডিও প্রকাশ করেছে ইরান। সাদা কালো এই ভিডিও প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। নাম, ‘নওসফর’। বাংলায় যার অর্থ ‘নতুন যাত্রা’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

ইরানের মতো গোঁড়া, রক্ষণশীল একটি দেশে স্বয়ং প্রেসিডেন্টের এই ভিডিও ব্যাপক সাড়া জাগিয়েছে।

রুহানির প্রেসিডেন্সির ১শ’ দিন পর তৈরি করা এই মিউজিক ভিডিও ইরানের সোশ্যাল মিডিয়া সাইট ও ইউটিউবের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে তা দেখা হয় কয়েক লক্ষ বার।

বিবিসি জানায়, ভিডিওটিতে দেখা গেছে সাদাকালো ছবি। চারপাশে বাদ্যযন্ত্র। গান গাইতে শোনা গেছে ব্যান্ডের নারী সদস্যদেরও। পর্দায় বেশকিছু সাংবাদিক এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে।

এদের মাঝেই রুহানিকে বক্তব্য রাখতে দেখা যায়। চলতি বছর অগাস্টে প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার সময় যে বক্তৃতা দিয়েছিলেন রুহানি, ‘নওসফর’-এর মূল বিষয়বস্তু আদতে সেটি।

এতে রুহানি স্মরণ করেন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে। ভিডিওটির মাধ্যমে মূলত ইরানের মাহাত্ম্যের কথাই বলেন তিনি। তার সুরে সুর মিলিয়ে উজ্জ্বল ভবিষ্যতের গান গায় সবাই।

রুহানির এই ভিডিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ইয়েস উই ক্যান’ ভিডিওটির মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। ২০০৮ সালে নির্বাচনী প্রচারাভিযানের সময় ওবামার বক্তৃতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেটি।

প্রগতিশীল মনের রুহানি ইরানের প্রেসিডেন্ট পদ লাভের পরই আমূল সংস্কারের অঙ্গীকার করেছিলেন।

তবে ভিডিওটি এখনো ইরানের টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন এর নির্মাতারা।

তারপরও তা ইতোমধ্যে প্রেসিডেন্ট রহানির ব্যক্তিগত ওয়েবসাইট-সহ বেশ কিছু বেসরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানান তারা।