লিবিয়ায় বিস্ফোরণ ও সংঘর্ষে সেনাসহ নিহত ৪৪
দক্ষিণ লিবিয়ায় সেনাবাহিনীর একটি গুদাম থেকে থেকে অস্ত্রশস্ত্র চুরি করতে এসে বিস্ফোরণের শিকার হয়ে ৪০ জন স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে বলে লিবীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এসব ঘটনা লিবিয়ায় বিদ্যমান অস্থির অবস্থাকে তুলে ধরেছে। ২০১১ সালে পশ্চিমা দেশগুলোর সহায়তায় একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত ও হত্যার পর বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রে ছেয়ে গেছে দেশটি।
তেল সমৃদ্ধ দেশটির সরকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা নিলেও দিন দিন পরিস্থিতি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
প্রথম ঘটনাটি ঘটে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর সাবহা’র নিকটে বারাক আল চাতিতে। এখানে সেনা ব্যারাকের একটি গুদাম থেকে স্থানীয় ও আফ্রিকান মিলে প্রায় ৪৩ জনের একটি দল অস্ত্র চুরি করার সময় বিস্ফোরণ ঘটে।
বারাক আল চেতির সীমান্ত নিরাপত্তা বাহিনীর কমান্ডার খলিফা আলসঘায়ির বলেন, “৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।”
স্থানীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাও নিহতের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছেন। মেডিকেল সূত্র থেকে দুটি মৃতদেহ ও চার আহত ব্যক্তিকে পাওয়ার কথা জানানো হয়েছে।
বিস্ফোরণের পর গুদামটিতে আগুন লেগে যায়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কার নয়।
লিবিয়ার নবিশ সেনাবাহিনী সেনা ব্যারাকগুলোয় নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। কারণ গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা ইসলামি জঙ্গি, বিভিন্ন বেসামরিক বাহিনী ও অপরাধী গোষ্ঠীগুলো অস্ত্র সমর্পন করতে অস্বীকার করে দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজিতে এমনই একটি বাহিনী আনসার আল শরিয়ার সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন চার সেনা সদস্য।
কর্মকর্তারা জানিয়েছেন, সেনাদলের বিশেষ বাহিনীর সদস্যরা অস্ত্র, বিস্ফোরক ও প্রচুর অর্থসহ একটি গাড়ি আটক করার পর উগ্র ইসলামপন্থী আনসার আল শরিয়ার সদস্যদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
এক সংবাদ সম্মেলনে বেনগাজির বিশেষ বাহিনীর কমান্ডার ওয়ানিস বুখমাদা বলেছেন, “আনসার আল শরিয়ার সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হয়েছেন।”
পরে শহরের আরেক প্রান্তে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে আরো এক সেনা নিহত হন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।
গত সোমবার থেকেই আনসার আল শরিয়ার সঙ্গে বিশেষ বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছিল। এক ব্যক্তিকে ধরতে শহরের আনসার আল শরিয়া নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালাতে গেলে সংঘাত শুরু হয়। নিজেদের মূল ঘাঁটি থেকে উগ্রপন্থী এ দলটি সরে যাওয়ার আগে অন্ততপক্ষে নয়জন নিহত হন।
দলটির সঙ্গে সংঘর্ষে বুধবারও তিন সেনা নিহত হয়েছেন।
