চীনা প্রতিরক্ষা অঞ্চলে এবার জাপান-দ কোরিয়ার বিমান
চীনের ঘোষিত নতুন আকাশ প্রতিরক্ষা অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের পর এবার বিমান উড়িয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। কোনো ঘোষণা না দিয়েই তারা বিমান ওড়ায়।
দু’দেশের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেন, জাপানি বিমান পূর্ব চীন সাগরের ওই অঞ্চলে নিয়মিত নজরদারি কর্মসূচি পালন করেছে। তবে কখন তা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানান নি জাপানের কর্মকর্তারা।
ওদিকে, দক্ষিণ কোরিয়াও ওই এলাকায় বিমান পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়। তাদের পাঠানো কয়েকটি বিমানের মধ্যে একটি বিমান মঙ্গলবার চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী।
চীন অবশ্য বলেছে, দক্ষিণ কোরিয়ার এ ফ্লাইটের কথা জানা ছিল তাদের।
জাপান ও দক্ষিণ কোরিয়ার আগে ওই এলাকায় দুটি বি-৫২ বোমারু বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। বিমান দুটি পূর্ব চীন সাগরে চীনের ঘোষিত অঞ্চলের মধ্যে থাকা দুটি জাপানি মালিকানাধীন বিতর্কিত দ্বীপের আকাশসীমায় টহল দেয়।
পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জকে অন্তর্ভুক্ত করে চীন সম্প্রতি নতুন ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণা করেছে। বিরোধপূর্ণ এ দ্বীপপুঞ্জ চীনে ‘দিয়ায়ু’ এবং জাপানে ‘সেনকাকু’ নামে পরিচিত।
গত শনিবার চীন এ দ্বীপপুঞ্জকে নিজের আকাশ প্রতিরক্ষা সীমানার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, এ এলাকার আকাশসীমায় অনুমতি ছাড়া কোনো বিমান প্রবেশ করে পরিচয় দিতে ব্যর্থ হলে সেটির বিরুদ্ধে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করবে চীন।
