শান্তি আলোচনায় যাবে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন
প্রায় তিনবছর ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের আশায় সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী ‘দ্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ জেনেভা ২ সম্মেলনে অংশ নেবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রেসিডেন্ট আহমেদ জারবা।
২২ জানুয়ারি জেনেভা সম্মেলন হওয়ার কথা রয়েছে।
কায়রোতে বুধবার এক সাক্ষাৎকারে জারবা বলেন, “সিরিয়ায় সত্যিকারের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা জেনেভায় যেতে প্রস্তুত।“
আঞ্চলিক শক্তি ইরান যদি সিরিয়ার রক্তক্ষয়ী সংগ্রামে অংশ নেয়া বন্ধ করে এবং সেখান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয় তবেই কেবল ইরানকে জেনেভা সম্মেলনে অংশ নেয়ার অনুমতি দেয়া উচিত বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, “যদি ইরান সত্যিই সিরিয়ার সংকটের সমাধান চায় তবে প্রথমে সিরিয়া থেকে তাদের বিপ্লবী সেনা এবং হিজবুল্লাহর ভাড়াটে যোদ্ধাদের প্রত্যাহার করতে হবে।“
কয়েক মাস ধরে কঠোর সামরিক শাসন চালানোর পর রাজধানী দামেস্ক ও দেশটির মধ্যাঞ্চল থেকে নিজের ক্ষমতা কিছুটা সংকুচিত করে নিয়েছেন প্রেসেডেন্ট বাশার আল আসাদ।
এ সময়ে তার বাহিনী ইরান ও রাশিয়ার সমর্থনে এবং লেবানন ও ইরাকের যোদ্ধাদের সহায়তায় রাজধানীর প্রান্ত ও দক্ষিণাঞ্চল থেকে আলেপ্পো পর্যন্ত কয়েকটি শহর পুনর্দখল করেছে।
তেহরান জানিয়েছে, যদি তাদের আমন্ত্রণ জানানো হয় তবে তারা জেনেভা সম্মেলনে অংশ নেবে। সেই সঙ্গে আলোচনায় অংশ নেয়ার আগে বুধবার যুদ্ধ বিরতির ঘোষণা দেয়ার কথাও জানিয়েছে।
তবে পশ্চিমাসমর্থিত ‘ফ্রি সিরিয়ান আর্মি রিবেল ব্রিগেডস’ জেনেভা সম্মেলনে অংশ নেয়ার সম্ভাবনা বাতিল করে জানিয়েছে, তারা আলোচনা চলার সময় যুদ্ধবিরতিতে যাবে না।
এদিকে ‘বর্তমান বাস্তবতার কারণে’ ইরানের জেনেভা সম্মেলনে অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করে দিয়ে জারবা বলেন, “ইরান সরাসরি সিরিয়ায় হত্যাকাণ্ড চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী। ইরান তাদের বিপ্লবী সেনা এবং হিজবু্ল্লাহ যাদের সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করা হয় তাদের ভাড়াটে যোদ্ধা দ্বারা সিরিয়ার কয়েক হাজার নাগরিককে হত্যা করেছে।“
পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছে, ইরান যুদ্ধ সহায়তা হিসেবে সিরিয়াকে কয়েক বিলিয়ন ডলার ও অসংখ্য সেনা পাঠিয়েছে।
