চীনা ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল‘কে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ
চীনের ঘোষিত ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’কে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান দুটি পূর্ব চীন সাগরে চীনের ঘোষিত অঞ্চলের মধ্যে থাকা দুটি জাপানি মালিকানাধীন বিতর্কিত দ্বীপের আকাশসীমায় টহল দেয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
পূর্ব চীন সাগরে মানব বসতিহীন কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ কয়েকটি দ্বীপের (জাপানে সেনকাকু ও চীনে দিয়ায়ু) মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে।
বর্তমানে জাপানি মালিকানাধীন দ্বীপগুলো ঐতিহাসিকভাবে চীনের সীমানভুক্ত ছিল বলে চীন দাবি করে আসছে। ভূতাত্ত্বিকভাবে দ্বীপগুলো চীনের সীমানায় পড়েছে বলে জাতিসংঘে যুক্তি পেশ করেছে দেশটি।
শনিবার ওই দ্বীপের আকাশসীমাসহ পূর্ব চীন সাগরের একটি ব্যাপক এলাকাকে নিজের ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ হিসেবে ঘোষণা দেয় চীন। এই এলাকায় প্রবেশকারী বিদেশি বিমানকে চীনের আইন মেনে চলতে হবে আর না হলে ‘জরুরি প্রতিরক্ষা পদক্ষেপ’র মোকাবিলা করতে হবে বলে জানিয়ে দেয় দেশটি।
