২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সৌদি-ইসরায়েল হামলা পরিকল্পনা!

ইরান ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর পর দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল আগ বাড়িয়ে বিমান হামলা চালাতে পারে বলে জল্পনা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

এ জল্পনা-কল্পনার মধ্যেই ‘ক্লেইনঅনলাইন ডট ডব্লিউএনডি ডটকম’ ওয়েবসাইট তেল আবিব থেকে কয়েকটি প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি ইরানে হামলা চালানোর জন্য উপযোগী জায়গা বেছে নিতে সৌদি আরবের কয়েকটি ঘাঁটি পরিদর্শনে গেছেন।

মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের পাওয়া তথ্যানুযায়ী এ খবর প্রকাশ করা হয়।

ইরানের পরমাণু চুক্তিতে ইসরায়েল এবং সৌদি আরব উভয়ই নাখোশ হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ইসরায়েল, সৌদি আরব, কাতার, জর্ডান ও অন্যান্য আরব এবং পারস্য উপসাগরীয় দেশগুলো পরবর্তী পদক্ষেপ হিসাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছে।

তবে এর বিরুদ্ধে ইসরায়েল এবং সৌদি আরবকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে কড়া বার্তা দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা বলেন, ইরানের কাছে আকাশসীমায় রাডারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আছে এবং ওবামা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো হামলা করা চলবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।

ওদিকে, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা সৌদি আরবে যে সফরে গেছেন সেটি সত্যিই ইরানে হামলার প্রস্তুতির জন্য নাকি তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সদ্য উপনীত চুক্তিতে আতঙ্কিত ইসরায়েলের পশ্চিমাদেরকে চাপে রাখার চেষ্টা তা স্পষ্ট নয়।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের কিছু পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা নিয়ে চুক্তি ঘোষণার আগ মুহূর্তেই সৌদি আরবে এ ইসরায়েলি পরিদর্শনের শুরু হয়।

ইরানের পরমাণু চুক্তির তীব্র সমালোচনা এখনো করে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ চুক্তিকে অত্যন্ত ‘বাজে’ এবং ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছেন।

ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ হতে দেবে না- একথা বরাবরের মতো এবারো জোর দিয়ে বলেছেন তিনি।