স্বাধীনতার শ্বেতপত্র দিল স্কটল্যান্ড
যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে আগামী সেপ্টেম্বরে গণভোটের আগে স্বাধীনতার রূপরেখা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে স্কটল্যান্ড সরকার।
৬৭০ পৃষ্ঠার এ শ্বেতপত্রে স্কটল্যান্ডকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধশালী এবং সামাজিক দিক দিয়ে আরো সুষ্ঠুভাবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।
বিবিসি জানায়, গণভোট হওয়ার কথা রয়েছে ১৮ সেপ্টেম্বরে।স্কটল্যান্ডের স্বাধীন দেশ হওয়া উচিত কিনা সে প্রশ্নেই হবে হাঁ/না ভোট।
এ ভোটকে সামনে রেখে শ্বেতপত্রে স্কটল্যান্ডে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে।
স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড ‘হাঁ’ ভোটের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, স্কটল্যান্ড স্বাধীন হতে পারলে অপার সম্ভাবনাময় একটি দেশ হয়ে উঠবে।
স্কটল্যান্ডের অর্থনৈতিক অবস্থা যুক্তরাজ্যের চেয়ে ভাল বলে যুক্তি দেখিয়েও শ্বেতপত্রে মানুষকে স্বাধীনতার পক্ষে ভোট দিতে প্রভাবিত করার চেষ্টা নিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)।
এছাড়া, যুক্তরাজ্যের আরো কয়েকটি খাতে দুর্বলতা তুলে ধরে ভব্যিষ্যৎ স্কটল্যান্ডে এসব দুর্বলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন খাতে আশাব্যঞ্জক অগ্রগতি সাধনের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে শ্বেতপত্রে।
তবে স্বাধীন স্কটল্যান্ডে ব্রিটিশ পাউন্ড থাকবে, রানিও থাকবেন এবং দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্তও থাকবে। কিন্তু এর প্রতিরক্ষা বাহিনী হবে আলাদা এবং কর ব্যবস্থা হবে নিজস্ব, বলেন অ্যালেক্স।
