মেয়ে হত্যায় দোষী সাব্যস্ত বাবা-মা!
মেয়ে হত্যার ঘটনায় বাবা-মা দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটেছে ভারতে। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
৫ বছর আগে নিজের ১৪ বছর বয়সী মেয়ে আরুশি এবং বাড়ির নেপালি চাকর হেমরাজকে হত্যার অভিযোগে সোমবার নুপুর ও রাজেশ তালওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
মঙ্গলবার আদালত তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করবে। রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডও হতে পারে।
২০০৮ সালে দিল্লির বাড়িতে বাবা-মায়ের ঘরের পাশে নিজ ঘরে আরুশি তালওয়ারের গলাকাটা লাশ পাওয়া যায়।
প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের জন্য গৃহকর্মী হেমরাজকে সন্দেহ করা হলেও
একদিন পর বাড়ির ছাদ থেকে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় সন্দেহের তীর ঘুরে যায় ওই দম্পতির দিকে।
হেমরাজের সঙ্গে আরুশিকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে বাক-বিতন্ডার সময় তিনি খুন হন বলে অভিযোগ কৌসুলিদের।
হত্যাকাণ্ডে স্বামী রাজেশকে সহযোগিতা করার জন্য নুপুরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন তারা।
আদালতে উপস্থিত আইনজীবী নরেশ যাদব সাংবাদিকদের জানান, দোষী সাব্যস্ত হওয়ার পরপরই তালওয়ার দম্পতি কান্নায় ভেঙে পড়ে।
তাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, “আমরা যে অপরাধ করিনি সেই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আমরা হতাশ, মর্মাহত এবং ব্যথিত। আমরা হেরে গেছি বলে মনে করি না। ন্যায় বিচারের জন্য লড়ে যাব”।
আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আসামী পক্ষের আইনজীবী রেবেকা জন সাংবাদিকদের জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
তালওয়ার দম্পতির বরাত দিয়ে তিনি বলেন, “ আদালতের এই সিদ্ধান্তে আমরা দারুণ হতাশ এবং ব্যথিত । এমন একটা অপরাধে আমাদের দোষী সাব্যস্ত করা হয়েছে যা আমরা ঘটাইনি।”
