সিরিয়া নিয়ে জেনেভা শান্তি আলোচনা ২২ জানুয়ারি
সিরিয়া নিয়ে জেনেভায় শান্তি আলোচনা হবে ২২ জানুয়ারি। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়া সরকার এবং বিরোধীপক্ষ উভয়ই প্রথমবারের মতো এ বৈঠকে যোগ দিচ্ছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে চেষ্টায় আলোচনার এমন সুযোগ হাতছাড়া করাটা সংশ্লিষ্ট যে কোনো পক্ষের জন্যই ক্ষমার অযোগ্য হবে বলে সতর্ক করেছেন তিনি।
সিরিয়ায় সংঘাতের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে দেশটির সরকার ও বিরোধী দুপক্ষকেই কয়েকমাস ধরে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করে এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি এবং আলোচনায় বিরোধীপক্ষের প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে বনিবনা না হওয়ায় তা হয়ে উঠছিল না।
আর এখন ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সদ্য হওয়া চুক্তিতে সিরিয়া শান্তি আলোচনা নিয়েও অচলাবস্থা কাটার আশা জেগে উঠেছে।
বান কি মুন এক বিবৃতিতে সিরিয়া শান্তি আলোচনা স্থির করতে কূটনৈতিক প্রচেষ্টার জন্য মার্কিন ও রুশ কূটনীতিকদের পাশাপাশি সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমিরও প্রশংসা করেছেন।
তিনি বলেন, “আমরা আশা নিয়েই জেনেভা আলোচনায় বসব। সিরিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে জনগণের স্বাধীনতা ও মর্যাদার আকাঙ্খা পূরণসহ সবার জন্য সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার বাহন হিসাবে কাজ করবে এই জেনেভা সম্মেলন”।
