২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৯

লিবিয়ায় সেনা সদস্যদের সঙ্গে ইসলামি জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

সোমাবার দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সেনা অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষস্থল বেনগাজির রাস ওবেইদিয়া এলাকা থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকার রাস্তায় বের না হতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তারা।

সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে সেনাবাহিনীর একটি বিশেষ দল রাস ওবেইদিয়া এলাকায় অভিযান চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। ওই এলাকার প্রবেশ পথে ইসলামি জঙ্গি গোষ্ঠি আনসার আল শরিয়া একটি নিজস্ব তল্লাশি চৌকি পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন বেনগাজি শহরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা।

বছরখানেক আগে বেনগাজির যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলা চালিয়ে লিবিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতসহ চার নাগরিককে হত্যার জন্য আনসার আল শরিয়াকে দায়ী করা হয়।

সাবেক বিদ্রোহী যোদ্ধাদের সরকারের প্রতি অনুগত করে তোলার লক্ষ্যে বেসামরিক বাহিনীগুলোকে নাগরিকদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছিল লিবীয় সরকার। লিবিয়ার নিহত সাবেক একনায়ক মুয়াম্মাম গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করেছিল এসব যোদ্ধারা। কিন্তু সরকারের বদলে নিজ বাহিনী কমান্ডার বা গোত্র প্রধানদেরই অনুগত থেকে গেছে তারা।

সরকারি দায়িত্বে নিয়োগাধীন থাকা অবস্থায়ই আধিপত্য প্রতিষ্ঠা বা ব্যক্তিগত রেষারেষি থেকে প্রায়ই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে এসব বাহিনী।

সপ্তাহখানেক আগে রাজধানী ত্রিপোলিতে বেসামরিক এক বাহিনীর অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই বাহিনীর লড়াইয়ে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এ সংঘর্ষের জের ধরে গত সপ্তাহে ত্রিপোলি থেকে প্রতিদ্বন্দ্বি বেসামরিক বাহিনীগুলোকে প্রত্যাহার করা হয়।

ত্রিপোলিতে এসব বাহিনীর একটির সদস্যরা কিছুদিন আগে দেশটির প্রধানমন্ত্রী আলি জেইদানকে অপহরণ করে কয়েক ঘন্টার জন্য আটকে রেখেছিল।