২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ নয়

পুলিশের অনুমতি ছাড়া যে কোনো ধরনের সমাবেশ অবৈধ ঘোষণা করে মিশরে একটি আইন পাস করা হয়েছে। সেই সঙ্গে কোনো উপাসনালয়ে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2013, 03:16 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

রোববার মিশরের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মনসুর এই আইন জারি করেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এই আইনের ঘোষণা দেয়া হয়।

ঘোষণা পরপর সরকারবিরোধী কয়েক হাজার প্রতিবাদকারী রাজধানী কায়রোসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসেন।

তিন বছর আগে মিশরের স্বৈরাশাসক হোসনি মুবারকের পতনের পর বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি দেশটিতে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

মুবারকের পতনের পর প্রথমবারের মতো মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। কিন্তু ব্যাপক গণআন্দোলনের পর চলতি বছরের জুলাইয়ে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে।

এরপর থেকে দেশটিতে প্রতিবাদ সমাবেশ এবং রাজনৈতিক নৃশংসতা ব্যাপকভাবে বেড়ে যায়।

নতুন এই আইনে বলা হয়, প্রতিবাদ সমাবেশের অন্তত তিনদিন আগে পুলিশের অনুমতি নিতে হবে।

এছাড়া অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করে দিতে পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও শটগান ব্যবহার করতে পারবে।

প্রেসিডেন্টের মুখপাত্র ইহাব বাদাউই বলেন, নতুন আইনে প্রতিবাদ সমাবেশের সময় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, গুলি ও অগ্নিসংযোগ করা, মুখোশ ব্যবহার করা এবং রাস্তা অবরোধ করার অপরাধে আটক ব্যক্তিদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও তিনলাখ মিশরীয় পাউন্ড জরিমানার বিধান রাখা হয়েছে।

আর যারা পুলিশের অনুমতি ব্যতীত প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে তাদের ১০ থেকে ৩০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করা হবে।

তবে এই আইন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে নয় জানিয়ে বাদাউই বলেন, “রাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে স্বাগত জানায় এবং যারা এটা করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।“

আর নির্বাচনের কারণে যদি কোনা সমাবেশের আয়োজন করা হয় সেক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে পুলিশের অনুমতি নিতে হবে বলে জানান তিনি।

২০১৪ সালে মিশরে জাতীয় এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ আইনের ব্যাপারে কায়রোর মানবাধিকার সংগঠনের কর্মকর্তা জিয়াদ আবদেল তাওয়াব বলেন, “নির্বাচনের আগে এই আইন খুবই বিপজ্জনক হবে, এমনকি স্বাভাবিক সময়েও। তবে বিশেষ করে নির্বাচনের আগে এটা ভয়ঙ্কর হয়ে উঠবে।“

দ্য নূর ইসলামিস্ট পার্টির আইন বিষয়ক উপ প্রধান তালাত মারজুক বলেন, “এই আইন দমন-পীড়নকে বৈধ করে দেবে।“

মিশরের বিভিন্ন মানবাধিকার সংগঠনও এই আইনের বিরোধিতা করেছে।