‘সিরিয়ার বৃহত্তম তেলক্ষেত্র বিদ্রোহীদের দখলে’
পূর্বাঞ্চলীয় দেয়ির আল জর প্রদেশে অবস্থিত সিরিয়ার বৃহত্তম তেলক্ষেত্র আল-ওমরের দখল নিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠি নুসারা ফ্রণ্ট।
শনিবার ভোরে নুসরা ফ্রন্টের যোদ্ধারা তেলক্ষেত্রটির দখল নেয় বলে দাবী করেছে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা।
তাদের এ দাবী সত্য হলে চলমান গৃহযুদ্ধে সরকার পক্ষের অন্যতম বড় বিপর্যয় হবে এটি।
কারণ এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার দেশের ভিতরে অবিস্থত অপরিশোধিত তেলের প্রায় সব মজুত থেকে বঞ্চিত হবে এবং তাতে তার বহুলাংশে যন্ত্রনির্ভর সামরিক অভিযান অব্যাহত রাখতে আমদানী করা তেলের ওপর নির্ভর করতে হবে।
তবে সিরীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবীটি নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করাও সম্ভব হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক সরকার বিরোধী সিরীয় মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রামি আব্দেল রাহমান বলেছেন, “সিরিয়ার ব্যবহার যোগ্য সব খনিজ তেলের মজুদ এখন নুসরা ফ্রন্ট ও অন্যান্য ইসলামি গোষ্ঠিগুলোর হাতে। জান্তার গর্দান এখন নুসরা ফ্রন্টের হাতে।”
প্রতিবেশি লেবানন থেকে শিয়া বেসামরিক বাহিনী হিজবুল্লাহর যোদ্ধারা আসাদের পক্ষ হয়ে লড়াইয়ে নামার পর থেকে সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সিরীয় সরকারি বাহিনী। কিন্তু তেল খনি হাতছাড়া হওয়াতে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ব্যহত হতে পারে।
শনিবার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর আকাশ হামলায় অন্তত ৪০ জন নিহত ও বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হতাহতদের অধিকাংশকেই বেসামরিক নাগরিক বলে দাবী করেছে সংগঠনটি।
আড়াই বছরেও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধ অবসানে বিবদমান পক্ষগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করার জন্য চেষ্টা করছে বিশ্ব শক্তিগুলো।
