২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাটভিয়ায় মার্কেট ধসে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপার মার্কেটের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শুক্রবার উদ্ধারকারীরা মার্কেটের ধ্বংসস্তুপের ভিতর থেকে আরো কয়েকটি মৃতদেহ বের করে আনলে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যায়।

নিহত ৫১ জনের মধ্যে তিনজন উদ্ধারকর্মী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছেন।

অনেকেই মার্কেটের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিগত কয়েক ঘণ্টায় জীবিত কারো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অফিস ফেরত লোকজন বাসায় ফেরার ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় সাড়ে ৮ ফুট ধ্বংসস্তুপের কারণে উদ্ধারকাজ ধীর গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারী বিভাগের প্রধান অস্কার অ্যাবোলিনস। উদ্ধারকারীরা প্রধানত হাত ও শাবল ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

প্রায় ৫ জনের মতো এখনও আটকা পড়ে রয়েছেন বলে ট্যুইটারে রিগার মেয়র নিলস উসাকোভস জানিয়েছেন।

কী কারণে মার্কেটের ছাদ ধসে পড়েছে তা পরিষ্কার নয়। তবে বিবিসি’র এক প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার সময় মার্কেটটির ছাদে একটি বাগান নির্মাণের কাজ চলছিল।

লাটভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রিহার্ডস কজোলোভস্কিজ নির্মাণ কাজের ত্রুটির কারণে ছাদ ধসে পড়েছে তা স্পষ্ট বলে জানিয়েছেন।
মাক্সিমা চেইন কোম্পানির পরিচালনাধীন ১৬ হাজার ১শ’ ৫০ স্কয়ার ফিটের একতলা এই সুপার মার্কেটটি ২০১১ সালে চালু করা হয়েছিল।

প্রথমে মার্কেটের ছাদের একটি অংশ ধসে পড়লে উদ্ধারকর্মীরা উদ্ধার প্রচেষ্টা শুরু করে। প্রায় ২০ মিনিট পর অপর অংশটি ধসে পড়ে। এতে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টারত উদ্ধারকর্মীরাও হতাহত হন।