লন্ডনে তিন ‘কৃতদাস’ নারী উদ্ধার
সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র দাবিদার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বাসা থেকে তিন কৃতদাস নারীকে উদ্ধার করেছে পুলিশ। ৩০ বছর ধরে কৃতদাস হিসেবে তাদের বাড়ির কাজ করানো হচ্ছিল।
বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় এবং ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন পুলিশ। গ্রেপ্তারকৃত উভয়ের বয়স ৬৭ বছর।
উদ্ধার হওয়া নারীদের একজন তার ৩০ বছরের পুরো জীবনকাল ধরে কৃতদাস হিসেবে কাজ করে এসেছেন।
ব্রিটিশ রাজধানীতে ঘটা এ ধরনের ঘটনাগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে নিকৃষ্ট বলে বর্ণনা করেছেন পুলিশ কর্মকর্তারা।
আরো অধিক তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া দম্পতিকে জানুয়ারির একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত জামিন দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। তবে এ সম্পর্কে আর কিছু জানানো হয়নি।
উদ্ধার হওয়া নারীদের একজন ৬৯ বছর বয়সী এক মালয়েশীয়, একজন ৫৭ বছর বয়সী এক আইরিশ ও অপর একজন ৩০ বছর বয়সী এক ব্রিটিশ। এরা পরস্পর আত্মীয় নন এবং এখানে যৌন নিপীড়নের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
৩০ বছর বয়সী নারীর জন্ম ওই বাড়িতেই হয়েছে কিনা তা পরিষ্কার নয়।
৩০ বছর ধরে এই নারীদের স্বাধীনতা হরণ করে রাখা হয়েছিল। কিন্তু বিবিসিতে প্রচারিত কৃতদাসবিরোধী এক প্রামাণ্যচিত্র দেখে ১৮ অক্টোবর এদের একজন সাহস করে এক স্বেচ্ছাসেবী সংগঠনকে ফোন করে ঘটনাটি জানায়। আর এরপরই তাদের বিষয়টি জানা যায়।
