বাগদাদজুড়ে বোমা হামলায় নিহত ২৩
ইরাকের রাজধানী বাগদাদজুড়ে ৭ টি বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি পুলিশ ও হাসপাতাল সূত্র।
বুধবার সকালে লোকজন বাজারে কেনাকাটায় ব্যস্ত থাকার সময় বিস্ফোরণ ঘটে।
সবচেয়ে প্রাণঘাতী ছিল সাদরিয়া এলাকার শিয়া এলাকায় একটি বাজারের কাছে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনাটি। এতে ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়।
অন্যদিকে, কারাদা বাণিজ্যিক এলাকায় একটি মিনিবাসে বোমা হামলায় ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়।
ইরাকে বছরের শুরু থেকে প্রতিমাসে এরকম অনেক হামলায় শত শত মানুষ মারা গেছে। সহিংসতা বাড়তে থাকায় ইরাকে সেই ২০০৬-২০০৭ সালের মতো রক্তক্ষয় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জাতিসংঘের হিসাবমতে, অক্টোবরে ইরাকে নিহত হয়েছে প্রায় ১ হাজার মানুষ। ডিসেম্বরে মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে যাওয়ার পর থেকে ক্রমবর্ধমান সহিংসতার অবসান ঘটাতে রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
