২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে গাড়িবোমা হামলায় নিহত ১০

মিশরের সিনাই উপদ্বীপের আল-আরিস শহরে এক গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে দশ মিশরীয় সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে বলে মিশরীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

এটি ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও ইসরায়েলের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। জুলাইয়ে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর আল কয়েদা সমর্থিত জঙ্গিরা উত্তর সিনাইয়ে বিচ্ছিন্ন হামলা চালানো শুরু করে।

হামলার সময় সেনারা একটি গাড়িবহরে করে গাজার রাফা সীমান্ত বরাবর রাস্তা ধরে যাচ্ছিলেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

হতাহতরা সবাই মিশর সামরিক বাহিনীর পদাতিক বাহিনীর সদস্য। এসব সেনা সদস্যরা মিশরের সঙ্গে গাজার গোপন সুড়ঙ্গ খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল। দায়িত্ব শেষে তারা কায়রোর পথে রওয়ানা হয়েছিল।

সিনাইভিত্তিক জঙ্গিদল আনসার বায়াত আল মাকদিস ইসলামি একটি ওয়েবাসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার তারা মিশরের রাজধানী কায়রোয় নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে।

এছাড়া সেপ্টেম্বরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টায় তারা আত্মঘাতী হামলা চালিয়েছিল বলে স্বীকার করেছে।