বাড়তি দাবির বিরুদ্ধে পশ্চিমাদেরকে ইরানের হুঁশিয়ারি
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করার চেষ্টায় থাকা বিশ্বের শক্তিধর দেশগুলোর কোনো ‘বাড়তি দাবি’ করা উচিত না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
এ ধরনের দাবি আসন্ন পরমাণু আলোচনা প্রক্রিয়াকে জটিল করে তুলবে। ফলে চুক্তির সম্ভাবনা নস্যাৎ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য জোর দিয়ে বলছেন, ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তিতে পৌঁছার সত্যিকারের সুযোগ এ মুহূর্তে সৃষ্টি হয়েছে।
পুতিনের সঙ্গে সোমবার এক টেলিফোন সংলাপে একথা বলেন পুতিন। আর ওই সংলাপেই রুহানি সতর্ক বার্তা দিয়ে বলেন, “জেনেভার সর্বশেষ আলোচনায় ভালো অগ্রগতি হয়েছিল। কিন্তু বাড়তি দাবি করা হলে সংলাপ জটিল হয়ে দুপক্ষই লাভবান হওয়ার মতো চুক্তি অসম্ভব হয়ে উঠতে পারে”।
তিনি আরো বলেন, "আমাদের অবস্থান থেকে আমরা চাই না পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্ভাব্য চুক্তিকে আলোচনার কোনো পক্ষ নস্যাৎ করুক।"
