বৈরুতে ইরানি দূতাবাসে বোমা হামলায় নিহত ২৩
লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবারের এ হামলায় দূতাবাস প্রাঙ্গণের অন্তত ছয়টি ভবনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।
নিহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর ইব্রাহিম আনসারি রয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ নামে পরিচিত লেবানন ভিত্তিক আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ বৈরুতের ইরানি মিশনে দুদফা আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
বৈরুতের দক্ষিণাংশে ইরানি দূতাবাসটি অবস্থিত। নিরাপত্তা নজরদারি ক্যামেরায় এক ব্যক্তিকে বিস্ফোরক বেল্ট পরে দূতাবাসের বাইরের দেয়ালের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
এরপরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। আর দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ ছিল বলে জানান লেবাননের কর্মকর্তারা।গাড়িটি দূতাবাস কমপ্লেক্স থেকে দুটো ভবন পরে দাঁড় করিয়ে রাখা ছিল। বিস্ফোরণ দুটি ঘটে কয়েক মিনিটের ব্যবধানে।
টুইটারে এক বার্তায় ‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডস’ এর ধর্মীয় গাইড শেখ শিরাজেদ্দিন জুরাইকাত লেখেন, “এ দলটিই হামলা চালিয়েছে। লেবাননের দুই সুন্নি বীর এই আত্মত্যাগী অভিযান চালায়”।
লেবাননের টেলিভিশন স্টেশন বিস্ফোরণে ১শ’ জন আহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স টেলিভিশনের এক ক্যামেরাম্যান জানান, দূতাবাসের একটি প্রবেশপথে তিনি ছয়টি দেহ পড়ে থাকতে দেখেছেন। কিছু দূরেই পড়ে ছিল ছিন্ন বিচ্ছিন্ন আরো অঙ্গ প্রত্যঙ্গ।
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে দুমড়ানো মোচড়ানো একটি গাড়ি পড়ে থাকতে দেখা গেছে বলে জানান তিনি। দুটো মার্সিডিজ গাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে বলেও জানান ওই ক্যামেরাম্যান।
লেবাননের শিয়া রাজনৈতিক দল ও বেসামরিক বাহিনী হিজবুল্লাহর প্রধান মদতদাতা ইরান। লেবাননের প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহর গেরিলারা।
সিরিয়ার প্রধানত শিয়া-সুন্নি গৃহযুদ্ধের কারণে লেবাননের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ বৈরুতের যে অংশে ইরানি দূতাবাসের অবস্থান তা হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
