মুশাররফের দেশদ্রোহিতা বিচারের অনুরোধ
দেশদ্রোহিতার অভিযোগে সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের বিচার শুরু করার জন্য পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সোমবার সর্বোচ্চ আদালত বরাবর একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে পাকিস্তান সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান জানিয়েছেন, ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত রাখার জন্য মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।
চলতি বছর দেশে ফেরার পর থেকে এটি মুশাররফের বিরুদ্ধে আনা সর্বশেষ আইনি অভিযোগ বলে বিবিসি জানিয়েছে।
দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
সাবেক সেনাশাসক মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনতে চায় বলে জুনে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার জানিয়েছিল। তবে ঘোষণা দেয়া হলেও এ বিষয়ে এখনও পর্যন্ত মুশাররফের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে অবস্থানরত জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের নির্দেশ দেয়ার জন্য এরই মধ্যে বিচারের মুখোমুখি হয়েছেন মুশাররফ। ওই অভিযানে এক ধর্মীয় নেতাসহ ১শ’ জন নিহত হন।
এছাড়া তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বালুচ বিদ্রোহীদের নেতা নওয়াব আকবর বুগতিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া পাঁচ বছর আগে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে বরখাস্ত করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে দেশটি বেশিরভাগ সময় সামরিক শাসনের কবলে থাকলেও মুশাররফই প্রথম সেনা শাসক যার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে।
তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক চাল বলে পাল্টা অভিযোগ করেছেন মুশাররফ।
