সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী কমান্ডারের মৃত্যু
সিরিয়ার আলেপ্পো শহরে বাশার আল আসাদ বাহিনীর অভিযানে গুরুতর আহত বিদ্রোহী এক নেতা মারা গেছেন।
আসাদবিরোধীদের একটি সূত্র সোমবার এ তথ্য জানায়।
নিহত আব্দেলকাদের সালেহ কাতার সমর্থিত ইসলামপন্থী দল আল-তাওহিদ ব্রিগেডস এর প্রধান ছিলেন। তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার তাওহিদের একটি সভায় আসাদ বাহিনী অভিযান চালালে সালেহ আহত হন। ওই অভিযানে অন্য একজন কমান্ডার ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছিলেন।
তাওহিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা ঘোষণা দিচ্ছি আব্দেলকাদের সালেহ শহীদ হয়েছেন।“
গত কয়েক সপ্তাহে বিদ্রোহীদের বেশ কয়েকটি ঘাঁটি হাতছাড়া হয়ে যাওয়ার পর ৩০ বছর বয়সী সালেহ আলেপ্পোর ভেতর ছড়িয়ে থাকা যোদ্ধাদের একত্রিত করার কাজ করছিলেন।
তাওহিদ গত সপ্তাহে অন্যান্য ইসলামপন্থী সংগঠন যার মধ্যে আল-নুসরা ফ্রন্টও রয়েছে, এক বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সব যোদ্ধাদের দলের প্রধানদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়।
এদিকে গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র থেকে বিরোধীঘেষা একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে সালেহ বলেছিলেন, “আমাদের মৃতদেহের ওপর দিয়ে যাওয়া ছাড়া আমরা কিছুতেই ইরান এবং হিজবুল্লাহকে অগ্রসর হতে দেব না।“
তুরস্কের দক্ষিণে ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত আলেপ্পো শহরটি সিরিয়ার বাণিজ্য কেন্দ্র। ইরাকের শিয়া বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ দলের সহায়তায় শহরটির উত্তর এবং পূর্বে আসাদ বাহিনী অনেকখানি অগ্রসর হয়েছে।
আলেপ্পোর উত্তরে অবস্থিত মারেহ শহরের ব্যবসায়ী সালেহ তাওহিদ ব্যানারে কয়েক ডজন বিদ্রোহী ব্রিগেডস গঠন করেন।
