২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যু

পূর্ব-মধ্যাঞ্চলীয় রাশিয়ার কাজান শহরে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ৫০ আরোহীর সবাই মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বিমানটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে যাত্রা শুরু করেছিল।

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (রাশিয়ার স্থানীয় সময়) তাতারস্তান এয়ারলাইন্সের ভাড়া করা এই বিমানটি কাজান বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনায় পড়ে।

বিমানটিতে ৪৪ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। যাত্রীদের মধ্যে দুটি শিশুও ছিল।

নিহত যাত্রীদের মধ্যে তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানভের ছেলে ইরেক মিন্নিখানভ ও রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রাদেশিক প্রধান আলেকজান্ডার আন্তোনভ রয়েছেন বলে তাতারস্তান সরকার জানিয়েছে।

প্রায় শূন্যের কাছাকাছি তাপমাত্রা ও বৃষ্টির মধ্যে বিমানটি একবার রানওয়েতে নামার চেষ্টা করেছিল। দ্বিতীয়বার নামার সময় এটি সরাসরি রানওয়েতে আঘাত করে বিস্ফোরিত হয়। এ সময় প্রবল বাতাসও বইছিল।

প্রায় ঘন্টাখানেক আগে ৬টা ২৫ মিনিটে বিমানটি মস্কোর দেমোদেদোভো বিমানবন্দর থেকে যাত্রা করেছিল। বোয়িং কোম্পানির এই বিমানটি ২৩ বছরের পুরনো।

স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে, বিমানটি দ্রুত নেমে আসে এবং মাটিতে আঘাত লাগার সঙ্গে সঙ্গেই বিমানটির জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার কারণে সোমবার দুপুর পর্যন্ত কাজান বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত যাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তাতারস্তান রাশিয়ার তেল সমৃদ্ধ মুসলিম প্রধান প্রদেশ। প্রাদেশিক প্রধান শহর কাজান মস্কো থেকে ৮শ’ কিলোমিটার পুবে অবস্থিত।

বিশ্বে বিমান দুর্ঘটনায় শীর্ষ দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। ২০১১ সালে বিশ্বের বিমান দুর্ঘটনার গড় হার থেকে তিনগুণ বেশি দুর্ঘটনা দেশটিতে ঘটেছিল।