লিবিয়ার গোয়েন্দা উপ-প্রধান অপহৃত
লিবিয়ার উপ-প্রধান গোয়েন্দা কর্মকর্তা মুস্তফা নোয়া অপহৃত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।
স্থানীয় গণমাধ্যম রোববার ত্রিপোলি বিমানবন্দর থেকে নোয়া অপহৃত হওয়ার কথা জানিয়েছে।কিন্তু সরকার খবরটি নিশ্চিত করে জানাতে পারেনি।
একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের গাড়ি পার্কিং এর জায়গা থেকে নোয়াকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে সে সময় কোনো দেহরক্ষী ছিল না।
কিন্তু কে বা কারা তাকে কি কারণে নিয়ে গেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপস্থিতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘট চলার মধ্যে অপহরণের এ ঘটনা ঘটল।
গত দুইদিনে ত্রিপোলির বিভিন্ন এলাকায় মিলিশিয়াদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ ধর্মঘট শুরু হয়।
ত্রিপোলি থেকে সশস্ত্র মিলিশিয়াদের হটিয়ে দেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে সরকার।
নোয়া কে অপহরণের দায় কেউ স্বীকার করেনি। তবে মিলিশিয়ারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে এর আগেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অপহরণ করেছে।
লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাঈদানকে গত মাসে অপহরণ করে একটি মিলিশিয়া গ্রুপ। তবে কয়েকঘন্টা পর অক্ষত অবস্থায় মুক্তি পান তিনি।
সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে গণবিক্ষোভ শুরুর পর থেকে লিবিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বাড়তে থাকে সশস্ত্র মিলিশিয়াদের তত্পরতা। তাদের অধিকাংশই গাদ্দাফিবিরোধী লড়াইয়ে অংশ নিয়েছিল।
