২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকার’ প্রসঙ্গ উহ্য রেখেই শেষ কমনওয়েলথ সম্মেলন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গটি উহ্য রেখেই চূড়ান্ত বিবৃতি দিয়ে রোববার শেষ হয়েছে শ্রীলঙ্কার কমনওয়েলথ শীর্ষ সম্মেলন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

বরং এর পরিবর্তে বিবৃতিতে বরাবরের মতো এবারও গণতন্ত্র ও মানবাধিকারসহ কমনওয়েলথ এর ‘মৌলিক সব মূল্যবোধ’ সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নেতারা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে দেশের মানবাধিকার রেকর্ডের সাফাই গেয়ে বলেছেন, গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে তার দেশের আরো সময় প্রয়োজন।

২০০৯ সালে তামিল বিদ্রোহীদের দমনে সামরিক অভিযানের সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগকে কেন্দ্র করে হোঁচট খেয়েছে এবারের কমনওয়েলথ সম্মেলন।

এ অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে আগেভাগেই সম্মেলন বয়কট করে ভারত, মরিশাস এবং কানাডা।

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুদ্ধাপরাধ নিয়ে শ্রীলঙ্কাকে কঠিন প্রশ্ন করা এবং এ অভিযোগ তদন্তের জন্য চাপ সৃষ্টি করতে সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু সম্মেলনে তার কোনো দাবি কিংবা হুমকিতেই শ্রীলঙ্কা নমনীয়তা দেখায়নি।

শ্রীলঙ্কা ২০১৪ সালের মার্চের মধ্যে যুদ্ধাপরাধের তদন্ত না করলে স্বতন্ত্রভাবে এ অভিযোগের আন্তর্জাতিক তদন্ত শুরুর চেষ্টা নেয়ার ক্যামেরনের হুমকি উড়িয়ে দিয়েছে কলম্বো।

রাজাপাকসে সাংবাদিকদের কাছে বলেছেন, ক্যামেরনের মতকে তিনি স্বাগত জানান। কিন্তু শ্রীলঙ্কাকে অভ্যন্তরীন তদন্ত নিজ সময়মতই শেষ করতে দেয়া উচিত।

তিনি বলেন, “তাদের উচিত আমাদের ওপর আস্থা রাখা।

চাপ প্রয়োগ করে কোনো কাজ হবে না জানিয়ে তিনি আরো বলেন, “কোনো দাবি করা বা নির্দেশ দেয়ার চাইতে বরং অপেক্ষা করা ভাল”।

যুদ্ধাপরাধের প্রসঙ্গ ছাড়াও সম্মেলনে নেতারা আলোচনা করেছেন বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে।

দারিদ্য দূরীকরণে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে নেতারা একমত হন।

সম্মেলনের বিবৃতিতে এ বিষয়গুলো উঠে এলেও ভারত, মরিশাস কিংবা কানাডার সম্মেলন বর্জনের প্রসঙ্গটি আসেনি। উহ্য ছিল শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্তের জন্য ক্যামেরনের আহ্বান জানানোর বিষয়টিও।