‘চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও ছয় বিশ্বশক্তি’
ইরান ও ছয় বিশ্বশক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার মতো প্রাথমিক একটি চুক্তির খুব কাছাকাছি আছে এবং এত “ভালো সুযোগ” পাশ কাটিয়ে যাওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শনিবার রাশিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন চ্যানেল তসেন্ত’কে দেয়া এক সাক্ষাৎ ল্যাভরভ এসব মন্তব্য করেন।
২০ নভেম্বর জেনেভোর পরবর্তী বৈঠকেই একটি চুক্তি হয়ে যেতে পারে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করার একদিন পরই রুশ পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন।
ইরানের সঙ্গে আলোচনায় একটি চুক্তিতে উপনীত হওয়া যাবে বলে আশা করছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, বিশ্বের শীর্ষ শক্তিধর এই ছয়টি রাষ্ট্র।
এটি তেহরানের সঙ্গে চলা দশকব্যাপী অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি ব্যাপক চুক্তির দিকে নিয়ে যেতে পারে বলেও মনে করছে তারা। শেষ পর্যন্ত এমন কোনো চুক্তিতে পৌঁছানো গেলে তা তেহরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে না সে বিষয়টি নিশ্চিত করা যাবে।
২০ নভেম্বরে জেনেভায় অনুষ্ঠিতব্য আলোচনা সফল হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি ল্যাভরভ বলেছেন, “আমাদের সাধারণ মনোভাব হল, এটি একটি খুব ভালো সুযোগ যাকে পাশ কাঁটানো উচিত হবে না।”
আর তসেন্ত’কে তিনি বলেন, “পরিস্থিতি সহজ করার জন্য এবং ইরানের নিউক্লিয়ার সমস্যার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর শর্ত তৈরির বিবেচনায়ই পদক্ষেপগুলো নেয়া উচিত, এটি ইরান এবং ছয় জাতি উভয়ের কাছেই পরিষ্কার।”
“এটি পরস্পরের প্রতি আন্তরিক শ্রদ্ধার মনোভাব রেখে ঠিকমতো, নির্ভুলভাবে কাগজে লিপিবদ্ধ হওয়ার মতো বিষয়,” বলেন ল্যাভরভ।
