হাতঘড়ির মালিকানা বিতর্কে মন্ত্রীর পদত্যাগ
নিজের ব্যবহৃত একটি দামি হাতঘড়ির মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পোল্যান্ডের এক মন্ত্রী পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পরিবহনমন্ত্রী স্লাভোমির নোভাক শুক্রবার পদত্যাগপত্র জমা দেন।
ছয় হাজার ৬০০ ডলার দামের ঘড়িটির মালিকানা সম্পর্কে সদুত্তর দিতে না পারায় মন্ত্রী আইনের লংঘন করে থাকতে পারেন বলে দাবি করেন প্রসিকিউটররা। এরপর প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন নোভাক।
প্রধানমন্ত্রী তুস্ক সাংবাদিকদের বলেন, তিনি নোভাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে আবার মন্ত্রিসভায় স্বাগত জানানো হবে।
৩৮ বছর বয়সী নোভাক ছিলেন অনেকের কাছে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কিন্তু এ বছরের শুরুর দিকে দামি ঘড়ি পরার প্রতি তার আগ্রহ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শুরু হয় বিতর্ক, যার জের ধরে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে নোভাক বলেন, কেউ তাকে এই ঘড়ি দিয়েছেন অথবা পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি সেটা উপহার হিসেবে পেয়েছেন।
কিন্তু তুস্কের সরকারের সততা নিয়ে যে ভাবমূর্তি গড়ে উঠেছে তা এই অভিযোগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা ক্ষমতাসীনদের। তাছাড়া সাম্প্রতিক জনমত জরিপগুলোতে সরকারের জনপ্রিয়তা কমারও ইঙ্গিত পাওয়া গেছে।
শুক্রবার প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, তারা পার্লামেন্টকে অবহিত করেছেন- ঘড়িটির মালিকানা সম্পর্কে স্পষ্ট উত্তর দিতে না পারায় নোভাক আইনের লংঘন করেছেন বলে ‘গুরুতর সন্দেহ’ রয়েছে।
“স্লাভোমির নোভাকের ৬৬০০ ডলার মূল্যের একটি ঘড়ি থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে,” বলা হয় জেলা প্রসিকিউটরের দপ্তরের বিবৃতিতে।
