শিথিল হচ্ছে চীনের এক সন্তান নীতি
চীনের আলোচিত এক সন্তান নীতি শিথিল করতে যাচ্ছে দেশটির সরকার। ভবিষ্যতে যে সব দম্পতির মধ্যে অন্তত একজন এক সন্তান থাকবেন, তাদের দুটি সন্তান নেয়ার অনুমতি দেয়া হবে।
শুক্রবার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
চলতি সপ্তাহে চীনা কমিউনিস্ট পার্টি সরকারের উচ্চ-পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে দেশটির বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাব করা বেশ কিছু সংস্কার প্রস্তাবের মধ্যে এটি অন্যতম।
অন্যান্য সংস্কারের মধ্যে “শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষা” শিবির বিলুপ্ত করা ও অর্থনীতিতে বেসরকারি খাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হযেছে।
বিবিসি’র বেইজিং প্রতিনিধি জানিয়েছেন, সংস্কারের যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে তার অনেকগুলো দেশের কোথাও কোথাও পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির তৃতীয় প্লেনামের বৈঠকে এসব সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের তিনদিন পর সংস্কারের সিদ্ধান্ত সম্বলিত ২২ হাজার শব্দের নথি প্রকাশ করেছে দেশটি।
