ফিলিপাইনে ঘূর্ণিঝড় পরবর্তী পুননির্মাণ শুরু হয়েছে
বিশ্বের অন্যতম প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘত সামলে উঠতে শুরু করেছে ফিলিপাইনের জনগণ। বেঁচে যাওয়া মানুষ তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি পুননির্মাণ শুরু করেছে।
দূর্গত এলাকাকাগুলোতে জরুরী ত্রাণ সহায়তা পৌঁছতে শুরু করায় শনিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জাতিসংঘের হিসাবে ২০ লাখেরও বেশি মানুষ গৃহহীন রয়েছে।
কিন্তু ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পরও ত্রাণ তৎপরতা সব জায়গায় সমানভাবে শুরু করা যায়নি। উদ্ধারকারীরা দুর্গত এলাকাগুলো থেকে আহত মানুষদের উদ্ধার করে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া শুরু করেছে।
ঝড়ের দীর্ঘ সময় পর কয়েকশ আন্তর্জাতিক কর্মী আস্থায়ী হাসপাতাল স্থাপন করে আহতদের চিকিৎসা দেয়া শুরু করেছে। এদের একটি অংশ ট্রাকযোগে জরুরী সরবরাহ কাজ শুরু করেছে। কয়েকটি হেলিকপ্টারসহ যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী দূর্গম অঞ্চলে পানি ও জরুরী ওষুধ সরবরাহের কাজ শুরু করেছে।
এসব এলাকার বেশ কয়েকটি পরিবার কয়েকদিন ধরে কোনো খাবার বা পানীয় জল ছাড়াই দিন পার করেছে।
জেনেভায় জাতিসংঘের শিশুদের জন্য তহবিলের মুখপাত্র ম্যারিস্কি মেরকাদো সাংবাদিকদের বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত কয়েক লাখ শিশুকে নিয়ে খুবই উদ্বিগ্ন।”
ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অনেক দেশ এগিয়ে এসেছে। জেনেভায় কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এর কর্মকর্তা জেন্স লার্ক বলেন, “ধ্বংসের মাত্রার তুলনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাওয়া গেছে তা খুব বেশি নয়। তবে এখন পর্যন্ত এটাকে পর্যাপ্ত বলতে হবে।”
ঝড়ের পর ত্রাণ বিতরণে ধীর গতি এবং মৃতের সংখ্যা, বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লেইতি প্রদেশের রাজধানী ট্যাকলোবানে মোট মৃতের সংখ্যা নিয়ে পরিষ্কার কোনো হিসাব দিতে না পারায় ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো একুইনো সমালোচনার মুখে পড়ছেন।
ট্যাকলোবান সিটি হলে শুক্রবার নোটিশ বোর্ডে টানানো তালিকায় শুধুমাত্র এ শহরেই মৃতের সংখ্যা চার হাজার দেখানো হয়, একদিন আগে যা ছিলো দুই হাজার।
কয়েক ঘণ্টা পর তাকলোবানের মেয়র আলফ্রেদ রমালদেজ ক্ষমা চান এবং জানান ওই সংখ্যাটি পুরো মধ্য ফিলিপাইনের মোট মৃতের সংখ্যা।
কর্তৃপক্ষরা জানিয়েছে, সরকারি হিসেবে পুরো দেশে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৬২১ জনে দাঁড়িয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের পরিচালক এদুয়ার্দো দেল রোজারিও বলেন, “আশা করি মৃতের সংখ্যা আর বাড়বে না। এটাই চূড়ান্ত সংখ্যা হবে এই কামান করছি। তবে মৃতের সংখ্যা বাড়লেও হয়তো খুব সামান্যই বাড়বে।”
