২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে শুরু কমনওয়েলথ সম্মেলন

শ্রীলঙ্কার মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড নিয়ে প্রশ্নের মধ্য দিয়ে রাজধানী কলম্বোয় শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কমনওয়েলথ শীর্ষ সম্মেলন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 04:40 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

শ্রীলঙ্কায় তামিলদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঘিরেই শুরু হয় সম্মেলনের আলোচনা।

২০০৯ সালে তামিল বিদ্রোহীদের দমনে সামরিক অভিযানের সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

এ অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে আগেভাগেই সম্মেলন বয়কট করেন ভারত, মরিশাস এবং কানাডার নেতারা।

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুদ্ধাপরাধ নিয়ে শ্রীলঙ্কাকে কঠিন প্রশ্ন করা এবং এ অভিযোগ তদন্তের জন্য চাপ সৃষ্টি করতে সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। সম্মেলন বয়কটের চেয়ে বরং এটিই বেশি ফলদায়ক বলে উল্লেখ করেন তিনি।

এবারের কমনওয়েলথ সম্মেলন উদ্বোধন করেন প্রিন্স চার্লস। মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসাবে তিনি প্রথম সম্মেলন উদ্বোধন করলেন। এলিজাবেথ কমনওয়েলথের প্রধান। তিনি এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না।

শ্রীলংকা সরকার তিন দিনের এই সম্মেলনে দেশটিতে গৃহযুদ্ধ পরবর্তী অগ্রগতি দেখানোর আশা করলেও যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে প্রশ্ন ও সমালোচনার মুখে তা পন্ড হতে চলেছে।

শুক্রবার সম্মেলন উদ্বোধন করেই সরকারি বাহিনীর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ নতুন করে খণ্ডনের চেষ্টা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

তিনি বলেন, “আমাদের সবকিছুই স্পষ্ট, লুকানোর কিছু নেই। শ্রীলঙ্কায় আমরা শান্তি, স্থিতিশীলতা এবং সর্বোচ্চ অর্থনৈতিক সুযোগ-সুবিধার এক নতুন যুগে পদার্পণ করছি। ২০০৯ সালে সন্ত্রাসের অবসান ঘটিয়ে আমরা সবচেয়ে বড় মানবাধিকারকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছি। আর তা হচ্ছে বাঁচার অধিকার।”

বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলারা ২৬ বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করার পর সেনা অভিযান চালিয়ে ২০০৯ সালে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে।

তবে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে অভিযোগ, ওই অভিযানের শেষ দিনগুলোতে হামলায় ৪০ হাজার মানুষ বিশেষত তামিলরাই বেশি মারা গেছে। সরকার ও বিদ্রাহী দুপক্ষই নৃশংসতা চালালেও সেনাবাহিনীর গোলা হামলাতেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

আর সেকারণেই যুদ্ধের শেষদিনগুলোতে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগের আন্তর্জাতিক তদন্ত চায় জাতিসংঘ।

শ্রীলঙ্কাকে তদন্তে রাজি করাতে ৫৩ সদস্যরাষ্ট্রের সংগঠন কমনওয়েলথের ক্ষমতা সীমিত হলেও কিছুটা প্রভাব খাটাতে সক্ষম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তবে শ্রীলঙ্কা এর বিরোধিতা করে বলছে, কমনওয়েলথকে কোনো “বিচারকারী কিংবা শাস্তিপ্রদানকারী সংগঠন” হিসাবে কাজে লাগানো উচিত না।