যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্মাণাধীন ১ হাজার ৭৭৬ ফুট উচ্চতার নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন দেশটির সর্বোচ্চ ভবন।
বহুতল ভবনবিষয়ক পরিষদ কমিটি এবং আরবান হ্যাবিটেট অনেক তর্ক-বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চূড়ায় স্থাপিত ৪০৮ ফুট সুচসহ এর উচ্চতা নির্ধারণের পর বুধবার এটিকে সর্বোচ্চ ভবন ঘোষণা করেছে।
এতে করে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত শিকাগোর উইলিস টাওয়ারের (১ হাজার ৪৫১ ফুট উঁচু) সর্বোচ্চ ভবনের খেতাবও ছাড়িয়ে গেল ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
ভবনটির উচ্চতা ৪০৮ ফুট সুচসহ নির্ধারণ না করা হলে এটি উইলিস টাওয়ারের চেয়ে কম উঁচু হত।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের জায়গাটিতেই গড়ে তোলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর নির্মাণকাজ আগামী বছরের আগে শেষ হচ্ছে না।
